দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে। সাইকেল চালকদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরি, পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করা এবং নগরবাসীর শরীরচর্চার সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে নির্মিত ট্র্যাকটি শুক্রবার (৯ অক্টোবর) উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ দিন বেলা ১১টার দিকে উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সাইকেল চালানো শুধু বিনোদনের বিষয় নয়। অনেক মানুষ সাইকেলে করে অফিসে যাতায়াত করেন এবং দৈনন্দিন কাজ করেন। তাঁদের নিরাপদে চলাচলের জন্য আলাদা জায়গা থাকা প্রয়োজন।
তিনি বলেন, “এগুলো একজন নাগরিকের দৈনন্দিন জীবনের চাহিদা। এটা কোনো বিলাসিতা নয়। দৈনন্দিন জীবনের চাহিদা। একটি সভ্য দেশে, উন্নত দেশে সাধারণ নাগরিকের এগুলো চাহিদা। এগুলো আমাদের পূরণ করতে হবে। সবার জন্য জায়গা সৃষ্টি করতে হবে।”
অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন, কিন্তু সাইকেল চালাতে হলে রাস্তায় নিরাপদ জায়গা প্রয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরো সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে। এতে মানুষ সাইকেলে যাতায়াতের পাশাপাশি বিনোদন ও শরীরচর্চার সুযোগ পাবেন।
সাইকেল চালানোর জায়গা তৈরির পাশাপাশি হাঁটার উপযোগী পথ নির্মাণের ওপরও গুরুত্ব দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, জায়গার অভাবে অনেকে হাঁটতে পারেন না, ঘরবন্দী হয়ে থাকেন। এ জন্য যেখানে সম্ভব, সেখানে হাঁটার পথ তৈরি করতে তিনি মেয়রকে অনুরোধ করেছেন। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের কথাও বলেন তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পতেঙ্গা বিমানবন্দর সড়কে ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, ট্র্যাকটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, ট্র্যাকের দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। সাইকেল ট্র্যাকের পাশাপাশি হাঁটার পথও তৈরি করা হয়েছে। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামকে আরো বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন করা হয়েছে। সড়কের এক পাশে সাইকেল ট্র্যাক ও সৌন্দর্যবর্ধিত হাঁটার পথ নির্মাণের পাশাপাশি দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সানা/কেএমএএ/আপ্র/৯/১০/২০২৬