গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনের দাপটে বিবর্ণ আর্জেন্টিনা, গোলশূন্য ৯০ মিনিটের লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২০ এএম ২০২৬
স্পেনের দাপটে বিবর্ণ আর্জেন্টিনা, গোলশূন্য ৯০ মিনিটের লড়াই
ছবি

ছবি রয়টার্স

বিশ্বকাপের মহারণে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার যেন বড় ফারাক দেখা গেল। শিরোপার লড়াইয়ে মাঠে নামা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো ৯০ মিনিটে স্পেনের সামনে ছিল অনেকটাই নিষ্প্রভ ও বিবর্ণ। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার, পাসিং ফুটবল—সব দিক থেকেই স্পেন এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্পেন। তাদের পরিচিত পাসনির্ভর ফুটবল, মাঝমাঠের দখল এবং দ্রুত আক্রমণ তৈরির কৌশলে বারবার চাপে পড়ে আর্জেন্টিনা। বিপরীতে লিওনেল মেসির দলকে দেখা গেছে মূলত রক্ষণ সামলাতে এবং প্রতি-আক্রমণের অপেক্ষায় থাকতে।

প্রথমার্ধে আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো আক্রমণই তৈরি করতে পারেনি। এমনকি প্রথম ৪৫ মিনিটে কোনো শটও নিতে পারেনি তারা। স্পেন বলের দখলে প্রায় ৬৫ শতাংশ আধিপত্য ধরে রেখে আর্জেন্টিনাকে নিজেদের অর্ধেই ব্যস্ত রাখে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। পঞ্চম মিনিটে লামিন ইয়ামাল বিপজ্জনক অবস্থানে বল পেলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত দক্ষতায় তার প্রচেষ্টা রুখে দেন। এরপরও স্পেন একাধিকবার আক্রমণে উঠলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় গোল আদায় করতে পারেনি। 
আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিকে পুরো ম্যাচেই অনেকটা বিচ্ছিন্ন দেখা গেছে। স্পেনের সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের চাপের কারণে মেসি স্বাভাবিকভাবে খেলায় প্রভাব বিস্তার করতে পারেননি। বিশ্বমিডিয়ার বিশ্লেষণেও উঠে এসেছে, স্পেনের নিয়ন্ত্রিত ফুটবল আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যত আটকে রাখতে সক্ষম হয়েছে।

তবে স্পেনের আধিপত্যের মাঝেও গোলরক্ষক মার্তিনেজ ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় রক্ষাকবচ। ৩৯তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের নিশ্চিত গোলের মতো সুযোগও দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি।

৪১তম মিনিটে মিকেল ওইয়ারসাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ। পরে চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তার জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে নামান কোচ লিওনেল স্কালোনি।

দ্বিতীয়ার্ধেও চিত্র খুব বেশি বদলায়নি। স্পেন বলের দখল রেখে আক্রমণের চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে আর্জেন্টিনা অপেক্ষা করতে থাকে মেসি, আলভারেজ কিংবা আক্রমণভাগের কোনো মুহূর্তের জাদুর জন্য। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে সেই কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে পারেনি তারা।

পরিসংখ্যানও স্পেনের আধিপত্যের সাক্ষ্য দিচ্ছে। স্পেনের পাসের সংখ্যা ছিল আর্জেন্টিনার প্রায় দ্বিগুণ। প্রতিপক্ষের সীমানায় প্রবেশ, বল নিয়ন্ত্রণ ও আক্রমণের ধার—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল ইউরোপের চ্যাম্পিয়নরা। 
তবে বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বলছে, আধিপত্য মানেই জয় নয়। গোল না পাওয়া পর্যন্ত ম্যাচের ভাগ্য থাকে উন্মুক্ত। আর আর্জেন্টিনার মতো দল, যেখানে মেসির মতো ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতাসম্পন্ন খেলোয়াড় রয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে এই ম্যাচে মাঠে নেমেই অনন্য কীর্তি গড়েছেন মেসি। ৩৯ বছর বয়সে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন। একই সঙ্গে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়া প্রথম ফুটবলার হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।

এখন সব অপেক্ষা অতিরিক্ত সময়ের নাটকের। স্পেনের নিখুঁত নিয়ন্ত্রণের ফুটবল নাকি আর্জেন্টিনার অভিজ্ঞতা ও মেসির জাদু—কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি, তার উত্তর মিলবে আর কিছুক্ষণ পরই।
সানা/আপ্র/২০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে