আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। নারী ও পুরুষ—উভয় দলের আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটার আগেই কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেছেন। কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও দূরে সরে গেছেন। এর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর সিদ্ধান্তে ক্যারিবীয় ক্রিকেটে নতুন করে চাপ তৈরি হতে পারে।
সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং জানিয়েছেন, বর্তমান আর্থিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটারদের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, আর্থিক স্থিতিশীলতার পথে এগোতে পারিশ্রমিক কমানো প্রয়োজনীয় পদক্ষেপ।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোই নয়, ঘরোয়া ক্রিকেটের খরচও কমাচ্ছে সিডব্লিউআই।
বাড়তি ব্যয়ের কারণে এ বছর ছেলেদের সুপার ৫০ ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেইজ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না।
ডেহরিংয়ের ভাষ্য, বয়সভিত্তিক, উন্নয়নমূলক ও সিনিয়র পর্যায়ের নারী-পুরুষ সব দলের টুর্নামেন্টের খেলোয়াড়দের বেতন, ম্যাচ ফি, বিমানভাড়া, হোটেল ও আয়োজনের পুরো খরচ এত দিন সিডব্লিউআই বহন করেছে। কিন্তু ক্রমবর্ধমান ভ্রমণ ও আবাসন ব্যয়ের কারণে এই ব্যবস্থা এখন আর টেকসই নয়।
গত ১৫ বছরে দেশের অভ্যন্তরীণ বিমান ভ্রমণের পেছনে সিডব্লিউআইয়ের ৮ কোটি মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে বলেও জানিয়েছেন ডেহরিং। তার দাবি, এসব সুবিধাভোগী প্রতিষ্ঠানের কাছ থেকে এর বিপরীতে কোনো স্পনসরশিপও পাওয়া যায়নি।
এদিকে নগদ অর্থের সংকট সাময়িকভাবে সামাল দিতে আইসিসির কাছ থেকে বড় অঙ্কের ঋণও নিয়েছে সিডব্লিউআই। ডেহরিং জানান, চলতি বছরের জুলাইয়ে আইসিসি ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
আগামী এক বছরে তিন কিস্তিতে এই অর্থ পাওয়ার কথা রয়েছে। ঋণের অর্থ পেতে সিডব্লিউআইকে নির্দিষ্ট আর্থিক সূচক পূরণ করতে হবে।
একই সঙ্গে অলিম্পিক ক্রিকেটকে সামনে রেখে নতুন কিছু আমন্ত্রণভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে তারা। এসব টুর্নামেন্টে সিডব্লিউআইয়ের আওতাধীন ১০টি দেশের অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬