ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরায় পতিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগের ঐক্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, গণভোটের রায় ও জুলাই সনদ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য তত বেশি দৃঢ় হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শফিকুর রহমান বলেন, “আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।”
ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, সংস্কার ও সংবিধান সংশোধন হতে হবে জাতির স্বার্থে। জুলাইয়ের শহীদ, আন্দোলনে অংশ নেওয়া মানুষ এবং শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী আমাদের ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হয়ে উঠবে।”
বর্তমান সংসদকে ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সংসদ হিসেবে অভিহিত করেন তিনি। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ‘পলাতক ফ্যাসিস্টের দোসরদের’ দায়ী করেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিলেও সরকার কী ব্যবস্থা নিয়েছে, কতটা অগ্রগতি হয়েছে এবং সামনে কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট হয়নি। দেশকে ঘিরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা তৎপরতা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। কী ঘটছে এবং সামনে কী ঘটতে পারে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান তিনি।
মাতারবাড়ি বন্দরের চুক্তি সংসদে উপস্থাপনের দাবি
প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় বা এর আগে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো চুক্তি হয়ে থাকলে তা আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের দাবি জানিয়েছেন শফিকুর রহমান।
সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে পেশ করার বিধান রয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত চুক্তি সংসদের গোপন বৈঠকে উপস্থাপন করতে হয়। মাতারবাড়ি প্রকল্পের অর্থনৈতিক সম্ভাবনা এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সংসদে খোলামেলা আলোচনারও দাবি জানান তিনি।
মাদক, কিশোর গ্যাং, দলবদ্ধ হামলা, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে সংসদ সদস্যরা বারবার কথা বললেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
চাঁদাবাজদের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেই চাঁদাবাজ ওরেই ধরেন। সেই চাঁদাবাজ আমি হলে আমারেও হ্যান্ডকাফ পরিয়ে দেন। আমারেও ছাড়বেন না।”
শ্রমিকদের ন্যায্য মজুরি ও শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানির দাবি
পোশাক শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলনের মধ্যে চামড়া ও সিরামিক কারখানা এবং বিদ্যুৎ কার্যালয়ে হামলার অভিযোগ তোলেন শফিকুর রহমান। এসব ঘটনার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে দাবি করে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের জীবনযাপনের উপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, “শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এতটুকু অন্তত হোক যে সাদামাটাভাবে তারা বেঁচে থাকতে পারবে।”
শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের যে ঘোষণা রয়েছে, তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ঋণের উচ্চ সুদ, চলতি মূলধনের ঘাটতি, আমদানির ঋণপত্র খুলতে সমস্যা এবং কর ও মূল্য সংযোজন করের জটিলতা শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পোশাক তৈরির উপকরণ ও যন্ত্রাংশের আমদানিনির্ভরতা কমাতে দেশেই উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে আগামী ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরকার কী উদ্যোগ নিচ্ছে, তা জানতে চান শফিকুর রহমান। তিস্তা চুক্তি নিয়েও অগ্রগতি স্পষ্ট করার দাবি জানান তিনি। অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে নদী ব্যবস্থাপনায় দুর্নীতি ও অদক্ষতা দূর করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি ও উন্নয়নকাজে বৈষম্যের অভিযোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, তাঁর নির্বাচনী এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য শিক্ষামন্ত্রীর সহযোগিতা চেয়েছিলেন। তবে তাঁর সেই চেষ্টা সফল হয়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে সদস্য বাছাইয়ের আহ্বান জানান তিনি।
এ ছাড়া উন্নয়নকাজে বিরোধী দলের সংসদ সদস্যরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াতের আমির। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদেরও উন্নয়নকাজের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি।
সানা/আপ্র/১৯/১১/২০২৬