একেএম ফজলুল হক: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হীরকজয়ন্তী। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা স্মরণ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিরা। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কেক কাটা হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় হীরকজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়, তা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। বিশেষ করে গবেষণার পরিধি বাড়ানো এবং গবেষণালব্ধ ফলাফল শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি খাতসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, গবেষণা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও এর অবস্থান সুদৃঢ় করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি কেবল সময়ের হিসাব নয়; এটি জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনে একটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলার প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ, গবেষণানির্ভর ও কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গবেষণা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের বিষয়ে তিনি বলেন, গবেষণার পরিধি বাড়িয়ে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সংযোগ তৈরি করা সরকারের অন্যতম পরিকল্পনা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিল্প খাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যানসহ দায়িত্বশীল ব্যক্তিরা কাজ করছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলেও গবেষণামূলক কার্যক্রম সমৃদ্ধ ও বিস্তৃত না হলে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। তাই গবেষণার পাশাপাশি শিক্ষা ও জ্ঞানচর্চার পরিবেশ উন্নত করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। শিক্ষা, জ্ঞানচর্চা, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক কার্যক্রমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এর অনন্য বৈশিষ্ট্য। এই ট্রেন শুধু শিক্ষার্থীদের শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আনা-নেওয়া করে না; এর সঙ্গে বহন করে তারুণ্যের উচ্ছ্বাস, গান, কবিতা, বিতর্ক এবং আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন। শাটল ট্রেনের প্রতিটি বগি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে গত ৬০ বছরে তৈরি হয়েছে অসংখ্য স্মৃতি ও ইতিহাস।
তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় দেশকে বহু প্রখ্যাত বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক, রাজনীতিবিদ, সমাজসেবী ও সমাজকর্মী উপহার দিয়েছে। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও অর্জনের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান বিশ্ব এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে যেমন নানা সংকট রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনা। প্রযুক্তির দ্রুত পরিবর্তন মানুষের কাজের ধরন, জীবনযাপন, চিন্তাভাবনা ও কর্মপদ্ধতির পাশাপাশি ভবিষ্যতের সম্ভাবনাকেও বদলে দিচ্ছে। প্রতিনিয়ত নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে, যা প্রচলিত ব্যবস্থাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, হীরকজয়ন্তী কেবল অতীতের অর্জন স্মরণ করার আয়োজন নয়; বরং অতীতের অভিজ্ঞতা, বর্তমানের মূল্যায়ন এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ উপলক্ষ। আগামী ৭৫ ও ১০০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে উপাচার্য জানান, ৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্প্রতি অনুমোদিত হয়েছে। আগের প্রশাসনের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় এটি অনুমোদন পেয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজের মাধ্যমে বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে র্যাঙ্কিং সেল গঠন এবং শিক্ষক-গবেষকদের উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম উৎসাহিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরো জানান, শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে কনফুসিয়াস সেন্টার চালু করা হয়েছে। ইতোমধ্যে চীন থেকে শিক্ষক এসে সেখানে পাঠদান শুরু করেছেন। পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরো আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল, এমএসসি থিসিস ও পিএইচডি গবেষকদের গবেষণা সহায়তাও বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যাতায়াতব্যবস্থা উন্নয়নে শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বিতরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনের সঙ্গে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জড়িয়ে রয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নিতে হবে।
শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমবারের মতো সব বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। অধিকাংশ বিভাগের ফলাফল ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে। ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতিও চালু করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাইয়ের কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ফলাফল প্রকাশের প্রক্রিয়াও অনলাইনে নেওয়ার উদ্যোগ চলছে। গবেষণা, তৃতীয় ভাষা শিক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নবীন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের অতীত দিনের নানা ঘটনা, শিক্ষাজীবনের আনন্দ-বেদনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং প্রতিষ্ঠানটির বিকাশের বিভিন্ন অধ্যায়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতা তুলে ধরা হয়। শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, প্রশাসক, সহকারী প্রক্টর, আয়োজক কমিটি ও বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য, আবাসিক শিক্ষক, অফিসপ্রধান, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৯/১১/২০২৬