চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি যাচাইয়ে লাইভ সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে আয়োজিত এ মহড়ায় সন্ত্রাসী অনুপ্রবেশ, অগ্নিকাণ্ড, বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক ব্যক্তিদের আটকসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নেয়।
আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে এ মহড়ার আয়োজন করা হয়। জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখাই এ বিধিমালার মূল উদ্দেশ্য। পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে নিয়মিত মহড়া ও অনুশীলন গুরুত্বপূর্ণ।
মহড়ায় পর্যায়ক্রমে বন্দরের নিরাপত্তা স্তর-১, স্তর-২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা এবং বাস্তবায়ন করে বিভিন্ন ধরনের সম্ভাব্য হুমকি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়। এর মধ্যে ছিল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দরে অগ্নিকাণ্ড, আহত ব্যক্তিদের উদ্ধার, সংঘবদ্ধভাবে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্ত ও সিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টা।
মহড়ার শেষ পর্যায়ে অস্ত্রসহ একটি সন্দেহজনক পিকআপ শনাক্ত করা এবং চারজন অনুপ্রবেশকারীর কনটেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি তৈরি করা হয়। সিসিটিভি পর্যবেক্ষণ, দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।
এরপর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ও কমান্ডো দল এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টিও মহড়ায় প্রদর্শন করা হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল যৌথভাবে কাজ করে। সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করার দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। বিভিন্ন সংস্থার এসব সমন্বিত কার্যক্রম মহড়াকে বাস্তবভিত্তিক করে তোলে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তাকর্মীদের পাশাপাশি মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ও কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ার মাধ্যমে সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত প্রতিক্রিয়া দলের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার তৎপরতা এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করা হয়।
মহড়ার সব কার্যক্রম শেষে নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয়। পুনরায় নিরাপত্তা স্তর-২ ও স্তর-১ কার্যকর করার মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার প্রক্রিয়াও প্রদর্শন করা হয়।
মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সানা/আপ্র/১৯/১১/২০২৬