সারা দেশেই নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।
বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে এসব ঘটনা উঠে এসেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব নাশকতার ঘটনায় মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা, গণপরিবহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাসে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আজ বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।
কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ পাবে না উল্লেখ করে কামারুম মুনিরা বলেন, কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
এসি/আপ্র/১৮/১১/২০২৬