ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দর্শক। একসময় জীবিকার তাগিদে বাস কন্ডাক্টরের কাজ করতেন। সেখান থেকে কঠোর পরিশ্রম ও অভিনয়গুণে আজ তিনি কয়েকশ কোটি টাকার সম্পদের মালিক।
তবে জীবনের শেষ অধ্যায়ের জন্য ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। মৃত্যুর পর নিজের বিপুল সম্পত্তি পরিবারের সদস্যদের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান তিনি। তামিল জনগণের কাছে ‘আন্না’ হিসেবে পরিচিত রজনীকান্তের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের কৃতজ্ঞতা। অভিনেতার ভাষ্য, তামিলনাড়ুর মানুষই তার সাফল্যের মূল শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থনেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।
তাই জীবনের অর্জিত সম্পদের বড় অংশ তাদের কল্যাণে ব্যয় করতে চান। রজনীকান্তের এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত তার রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জায়গাজুড়ে নির্মিত এই ভবনটি ঘিরে রয়েছে নানা স্মৃতি ও ইতিহাস। ১৯৮৯ সালে ভবনটি নির্মাণ করেন রজনীকান্ত।
২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্য এর দরজা খুলে দিয়েছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে ভক্তদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও নানা আয়োজনের সাক্ষী হয়েছে এই ভবন। একসময় এটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল। তবে এখনো কোদামবাক্কামে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে রাঘবেন্দ্র মণ্ডপম।
জানা গেছে, রজনীকান্তের উইলে এই সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
মৃত্যুর পর ভবনটির সম্পূর্ণ সম্পত্তি ওই ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে উপকৃত হবেন তামিলনাড়ুর সাধারণ মানুষ। এ প্রসঙ্গে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না।
কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
একসময় বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা রজনীকান্ত আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা। খ্যাতি, অর্থ ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও নিজের সাফল্যের কৃতিত্ব ভক্তদের দিতে চান তিনি। মৃত্যুর পর সম্পত্তি জনকল্যাণে ব্যয়ের সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই কৃতজ্ঞতাই প্রকাশ করতে চাইছেন এই সুপারস্টার।
ডিসি/আপ্র/১৮/১১/২০২৬