গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

থাইল্যান্ডকে হারিয়েও বিদায় নিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
থাইল্যান্ডকে হারিয়েও বিদায় নিল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

শেষ বলে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ৮ রান। জান্নাতুল ফেরদৌসের বলে কানায় লেগে বাউন্ডারি পেয়ে গেলেন আফিসা সুয়াঞ্চনরাঠি। জয়ের উদযাপনের বদলে তখন মাথায় হাত নিগার সুলতানার। কাছাকাছি থাকা অন্যরাও করলেন না উদযাপন। 

 

কারণ জয়ের ব্যবধান কমে যাওয়ায় বেজে যায় বিদায়ঘণ্টা। আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফিতে শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল বড় জয়। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে বুধবার তারা পায় স্রেফ ৩ রানের জয়। 

 

একই সময়ে নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে সুপার সিক্সের টিকিট পেয়ে যায় জিম্বাবুয়ে। ওমানের আজমানে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় পোড়ে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল থাইল্যান্ডের বিপক্ষেও আগে ব্যাট করে ১৩২ রানের বেশি হয়নি তাদের স্কোর। বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে কোনোমতে ১২৯ রানে আটকে রাখায় মেলে সান্ত্বনার জয়। 'বি' গ্রুপে চার ম্যাচে বাংলাদেশের জয় দুটি। জিম্বাবুয়েও জিতেছে দুই ম্যাচ। শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে তারাই পেয়েছে পরের রাউন্ডের টিকিট। নেট রান রেটের ব্যবধান খুব বেশি নয়, বাংলাদেশ -০.২০ ও জিম্বাবুয়ে -০.০৯! অর্থাৎ আরেকটু বড় ব্যবধানে জিতলেই হতো বাংলাদেশের।

 


পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে পথচলা শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তারা। নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় সুপার সিক্সের স্বপ্নে লাগে ধাক্কা। যার ফলে শেষ ম্যাচ জিতেও লাভ হয়নি তাদের। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে তিন ওভারের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা মিলে যোগ করেন ৩৮ রান। তবে রানের গতি বাড়াতে ব্যর্থ দুই অভিজ্ঞ ব্যাটার। 

 

১৬ রান করতে ২৩ বল খেলেন শারমিন। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারিকে নিয়ে ৩৯ বলে ৪৬ রানের জুটি গড়েন নিগার। দলের একশ হওয়ার ঠিক আগে ২৬ বলে ২৮ রান করে ফেরেন সোবহানা। এক ওভার পর আউট হওয়া নিগার ৫ চারে ৩৬ বলে করেন ৪৫ রান। শেষ দিকে স্বর্ণা আক্তার ১১ বলে ১৪ ও রিতু মনি ৮ বলে ১২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

 


থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন চানিদা সুত্থিরুয়াং। রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় থাইল্যান্ড। উইকেট মেডেন নেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। পাওয়ার প্লেতে অবশ্য আর উইকেট হারায়নি তারা। একটি করে চার-ছক্কায় ১৫ বলে ১৭ রান করে ফানিতা মায়া। 

 

তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও নারুমল চাওয়াই। দলের একশ হওয়ার আগে ৩৬ বলে ৩৩ রান করা অধিনায়ক চাওয়াই ফিরে গেলে একা আর দলকে টানতে পারেননি কোঞ্চারোয়েঙ্কাই। 

 

১৮তম ওভারে আউট হওয়া কিপার-ব্যাটার নিজের দ্বিতীয় ফিফটিতে ৬ চার ও ১ ছক্কায় করেন ৫১ বলে ৫৭ রান। এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। পরে দুই ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে পারেনি থাইল্যান্ড। বাংলাদেশের পক্ষে মেঘলা নেন ২ উইকেট। গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় আগেভাগেই শেষ হলো বাংলাদেশের ওমান সফর। দেশে ফিরে নিউ জিল্যান্ড সফরের প্রস্তুতি নেবে তারা। আগামী মাসে হোয়াইট ফার্নদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

 


সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩২/৬ (দিলারা ২, সাথি ১২, শারমিন ১৬, নিগার ৪৫, সোবহানা ২৮, স্বর্ণা ১৪*, রিতু ১২; মায়া ৩-০-২১-০, পুত্থাওং ৪-১-২৪-১, চাতুরংগ্রাত্তানা ৩-০-২১-১, লাওমি ৪-০-২০-১, কামচম্পু ৩-০-২৩-০, প্লান্ত ১-০-১১-০, সুত্থিরুয়াং ২-০-১১-২)
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৯/৫ (চান্থাম ০, মায়া ১৫, কোঞ্চারোয়েঙ্কাই ৫৭, চাওয়াই ৩৩, প্লান্ত ১৩*, সুত্থিরুয়াং ৩, আফিসারা ৪*; মেঘলা ৪-১-২৪-২, দিশা ২-০-১৭-০, রাবেয়া ৪-০-২৮-০, রিতু ৩-০-২০-১, স্বর্ণা ৩-০-১২-০, জান্নাতুল ৪-০-২৭-১)
ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা

ডিসি/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
১৮ নভেম্বর ২০২৬

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আ...

কোস্টা রিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
১৮ নভেম্বর ২০২৬

কোস্টা রিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

তারুন্য নির্ভর আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না কোস্টা রিকা। তাদের উড়িয়ে দিয়ে জয়ে ফিরল লিওনেল স্ক...

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
১৮ নভেম্বর ২০২৬

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট নেই তাদে...

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১৭ নভেম্বর ২০২৬

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই