তারুন্য নির্ভর আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না কোস্টা রিকা। তাদের উড়িয়ে দিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। কর্দোবায় বাংলাদেশ সময় বুধবার সকালের প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, নিকো পাহ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেছেন আলেক্সিস মাক আলিস্তের। ঘরের মাঠে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। আলভারেসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে গতিময় শট একটুর জন্য লক্ষ্েয রাখতে পারেননি এন্সো ফের্নান্দেস। তিন মিনিট পর এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফের্নান্দেসকে বল বাড়িয়ে ডি বক্সে জায়গা করে নেন আলভারেস। কাট ব্যাকে তাকে খুঁজে নিতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।
তবে মাঝপথে বল ধরে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন পাহ।
১৮তম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় কোস্টা রিকা। জেরাল্ড টেইলরের ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে জসিমার মেন্দেসের শট চমৎকার রিফ্লেক্সে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন চোট কাটিয়ে মাঠে ফেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
২৯তম মিনিটে ডি বক্স থেকে দূরের পোস্টে আড়াআড়ি শট একটুর জন্য লক্ষ্েয রাখতে পারেননি রোমান ভেগা। নষ্ট হয় আর্জেন্টিনার আরেকটি সুযোগ। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারেস। আগুস্তিন জিয়াইয়ের কাট ব্যাকে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম স্পর্শে জাল খুঁজে নেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি। ৩৭তম মিনিটে জানলুকা প্রেস্তিয়ান্নির গতিময় শট ফেরে পোস্ট কাঁপিয়ে।
পরের মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন পাহ। মাক্সিমো পেরোনের কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ছন্দে থাকা কোমো মিডফিল্ডার। কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। ৪৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান আলভারেস। প্রেস্তিয়ান্নির কাছ থেকে ডি বক্সে বল পেয়ে সামনে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোর লাইন ৫-০ করে ফেলেন পাহয়ের জায়গায় বদলি নামা মাস্তানতুয়োনো।
পেরোনের কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। কাছেই থাকলেও প্রতিক্রিয়া দেখাতে দেরি করায় বলের নাগাল পাননি গোলরক্ষক। ৬০তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আলভারেসের বদলি নামা হোসে মানুয়েল লোপেস।
৭৮তম মিনিটে জাল খুঁজে নেন মাক আলিস্তের। ডি বক্স বল পেয়ে জায়গা করে নিয়ে গতিময় শটে দলের ষষ্ঠ গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার। ৮৮তম মিনিটে দলের সপ্তম গোলটি করেন মাস্তানতুয়োনো। জুলিয়ানো সিমেওনের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের মাথা থেকে জার খুঁজে নেন তিনি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। হতাশায় নুয়ে পড়েন কোস্টা রিকার ফুটবলাররা।
ডিসি/আপ্র/১৮/১১/২০২৬