নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের নেতা শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। শাহিনুর শেখ শাহিন নামেও পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে কৃষকদল নেতা শাহিনুর শেখ ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে দলীয় নেতাকর্মীরা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সানা/আপ্র/১৮/১১/২০২৬