গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আবারো হামলার আশঙ্কায় থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা। নিজেদের অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে তাঁরা গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় পুলিশ সদস্যদের থানা ছাড়ার এমন দৃশ্য দেখা যায়। এ সময় তাঁদের কেউ ভ্যান, কেউ ইজিবাইকে করে মালামাল নিয়ে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে একাধিক পুলিশ সদস্য জানান, তাঁদের গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে। থানার এক উপপরিদর্শক বলেন, আবারো হামলার আশঙ্কায় তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ওই উপপরিদর্শক জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে তাঁরা নতুন করে হামলার আতঙ্কে রয়েছেন।
থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সেখানে পরিদর্শক পদমর্যাদার তিনজন, সহকারী পুলিশ সুপার দুজন, উপপরিদর্শক সাতজন, সহকারী উপপরিদর্শক সাতজন এবং কনস্টেবলসহ মোট ৩০ থেকে ৩৫ জন পুলিশ সদস্য নিয়মিত কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। তাদের দেওয়া আগুনে থানার নয়টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
সানা/আপ্র/১৯/১১/২০২৬