গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

মিরপুরে দুই মাস ধরে তীব্র পানিসংকট, বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫১ এএম ২০২৬
মিরপুরে দুই মাস ধরে তীব্র পানিসংকট, বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বৃহত্তর মিরপুর এলাকায় তীব্র পানিসংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। টানা দুই মাস ধরে পর্যাপ্ত পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। খাবার পানি সংগ্রহ থেকে শুরু করে গোসল, রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ভাড়াটিয়া বাধ্য হয়ে মিরপুর ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর, পীরেরবাগ, কাফরুল ও পল্লবী এলাকার বাসিন্দারা জানান, নিয়মিত পানি সরবরাহ না থাকায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। মেট্রোরেল চালুর পর যাতায়াত সুবিধার কারণে মিরপুরে বসবাসের আগ্রহ বেড়েছিল কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু দীর্ঘস্থায়ী পানিসংকট সেই আকর্ষণ অনেকটাই ম্লান করে দিয়েছে।

পূর্ব কাজীপাড়ার বাসিন্দা সাদিকুর রহমান বলেন, ‘গত দুই মাস ধরে পানি সরবরাহে বড় ধরনের সমস্যা হচ্ছে। খাবার পানি কিনে খেতে হচ্ছে। গোসল ও কাপড় ধোয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় পানি এলেও দুর্গন্ধ থাকে।’

শেওড়াপাড়া এলাকার বাড়ির মালিক নাছির উদ্দিন বলেন, ‘ওয়াসার গাড়ির পানি কিনেও সংকট মেটানো যাচ্ছে না। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পানি কিনতে হচ্ছে। একটি ছোট ট্যাংকারের জন্য ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে।’

পানি সংকটের প্রতিবাদে এরই মধ্যে কয়েক দফা বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শেওড়াপাড়ায় বালতি ও বোতল হাতে সড়কে অবস্থান নেন শতাধিক মানুষ। পরে আশ্বাস পেয়ে তারা সড়ক ছেড়ে দেন। মিরপুর-১০ নম্বর এলাকাতেও পানির দাবিতে মানববন্ধন করেছেন বাসিন্দারা।

পানির সমস্যার কারণে বাসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। বেসরকারি চাকরিজীবী শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পানি সমস্যার কারণে বাসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বর থেকে বাড্ডায় চলে যাব।’

কাজীপাড়ার বাড়ির মালিক হেদায়েতুল্লাহ বলেন, ‘আমার পাঁচতলা ভবনের কয়েকজন ভাড়াটিয়া শুধু পানির সমস্যার কারণে বাসা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। আশপাশের অনেক বাসাতেই এখন টু-লেট ঝুলছে।’

ঢাকা ওয়াসা সূত্র জানায়, সাভারের ভাকুর্তা পানি শোধনাগারে কারিগরি সমস্যার কারণে বৃহত্তর মিরপুর এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট আরো বাড়ছে।

ভাকুর্তা পানি শোধনাগারের দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৫ কোটি লিটার হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় ১০ কোটি ৫০ লাখ লিটার। ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩০০ কোটি লিটার। এই চাহিদা পূরণে ওয়াসার প্রায় ১ হাজার ৩৫০টি গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে শুধু মিরপুর এলাকাতেই রয়েছে প্রায় ১৮০টি।

বিশেষজ্ঞরা বলছেন, মিরপুরের পানিসংকট কেবল সাময়িক কোনো সমস্যা নয়, এটি দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণের ফল। মেট্রোরেল চালুর পর মিরপুরে জনসংখ্যার চাপ বেড়েছে, কিন্তু সেই অনুপাতে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হয়নি।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিলো মুহাম্মদ খান বলেন, ‘একসময় ঢাকায় ৩০ থেকে ৪০ মিটার গভীরতায় পানি পাওয়া যেত। এখন সেই স্তর নেমে গেছে ১২০ মিটারের নিচে। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে আরো বড় সংকট তৈরি করবে।’

তিনি বলেন, ‘মিরপুরের সমস্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি নগর পরিকল্পনার বড় দুর্বলতার ফল। জনসংখ্যা বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো বাড়ছে না।’

ঢাকা ওয়াসার কর্মকর্তারা বলছেন, মিরপুরে স্থায়ী পানিসংকট নেই। ভাকুর্তা শোধনাগারের কারিগরি সমস্যার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে বাড়তি জনসংখ্যার চাপ মোকাবিলায় নতুন পাম্প স্থাপন প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মিরপুরের পানিসংকট আগামী দিনে আরো তীব্র হতে পারে। নগরবাসীর নিরাপদ পানি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সানা/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে ত...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উ...

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।...

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে