গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠিকানা হচ্ছে চিড়িয়াখানায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠিকানা হচ্ছে চিড়িয়াখানায়
ছবি

কোরবানির ঈদের আগে বুধবার বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় -ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচনায় আসা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদের আগে বুধবার (২৭ মে) বিকেলে মহিষটিকে কেরানীগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায়, মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বিরল প্রজাতির এ মহিষকে।

মাথায় ঢেউখেলানো গোলাপি আভাযুক্ত চুল এবং মুখাবয়বের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য টেনে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা চার বছর বয়সী এ মহিষটির ওজন প্রায় ৬৮০ থেকে ৭০০ কেজি।

মহিষটিকে নিয়ে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। টেলিগ্রাফ ২১ মে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনামে মহিষটিকে ‘অ্যালবিনো বুল’ হিসেবে উল্লেখ করে।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা গণমাধ্যমকে জানান, মহিষটির অস্বাভাবিক চুলের ধরন দেখে তাঁর ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম অনুসারে এর নাম রাখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে কৌতূহল সৃষ্টি হয়। মে মাসজুড়ে অসংখ্য মানুষ নারায়ণগঞ্জের খামারে গিয়ে মহিষটিকে দেখেন।

খামার কর্তৃপক্ষ জানায়, লাইভ ওয়েট পদ্ধতিতে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি বিক্রি করা হয়েছিল কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ও সামিরের কাছে। গত সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। লাল গালিচা বিছিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে এবং বিশেষ সাজে ‘রাজকীয় বিদায়’ দেওয়া হয় তাকে।

তবে বুধবার বিকেলে পরিস্থিতি পাল্টে যায়। কেরানীগঞ্জে ক্রেতার বাড়িতে গিয়ে পুলিশ জানায়, ওপরের নির্দেশে মহিষটি কোরবানি করা যাবে না। পরে মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সেটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক বলেন, বিরল প্রজাতির হওয়ায় এবং মানুষের ব্যাপক আগ্রহের কারণে মহিষটিকে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দিয়েছে সরকার। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত প্রাণীটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর সংরক্ষণ ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান জানান, মহিষটিকে গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বড় শেডে রাখার পাশাপাশি জীবাণুনাশক ব্যবস্থাও করা হয়েছে।

তিনি বলেন, শরীরে রঞ্জক পদার্থ মেলানিনের স্বল্পতার কারণে মহিষটির এমন সাদা রং হয়েছে। একই বংশের মধ্যে প্রজননের ফলেও এ ধরনের বৈশিষ্ট্য দেখা দিতে পারে। প্রতি ১০ হাজার প্রাণীর মধ্যে একটি এমন হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে