সরকার ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা, খাদ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হয়েছে। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থায় নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ১২ জন অতিরিক্ত সচিব হলেন মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, গৌতম চন্দ্র পাল, মো. জহির রায়হান, ড. হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকি, নূরুন আখতার ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
তাঁদের মধ্যে মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অন্য সাতজন একই মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো চার যুগ্ম সচিব হলেন নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলাম। তাঁরাও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এবারের সিদ্ধান্তের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান অবসর ও পদায়ন প্রক্রিয়ায় নতুন সংযোজন ঘটল। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটছে। এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আক্তারকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহবুবা ফারজানা ২০২৪ সালের ২৩ অক্টোবর তথ্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
এ ছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুদ আলমকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সরকারের এসব সিদ্ধান্তে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একযোগে পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা, খাদ্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সানা/আপ্র/৩০/১১/২০২৭