গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

রয়টার্সের প্রতিবেদন

অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভবান ভারত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৪ এএম ২০২৬
অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভবান ভারত
ছবি

নভেম্বরের প্রথমার্ধে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশে স্থানান্তর করেছে - ফাইল ছবি

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। চলতি নভেম্বরের প্রথমার্ধে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্য দেশে স্থানান্তর করেছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও ক্রয়াদেশ যাচ্ছে।

তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব বলছে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি।

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। দেশের উৎপাদনশিল্পে মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশও এ খাতের ওপর নির্ভরশীল। ফলে ক্রয়াদেশ স্থানান্তর দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শ্রম অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পোশাকশিল্পের নেতাদের মতে, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে গেছে। অথচ এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে পরদিনও শ্রমিকেরা বিক্ষোভ করেন। ওই দিন ৪০৫টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানামালিক রয়টার্সকে জানান, শ্রম অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর বড় অংশই গেছে ভারতে। জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধি, পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকেরা বাড়তি চাপের মুখে পড়েছেন। অন্যদিকে ক্রেতারা পণ্যের দাম আরো কমানোর চাপ দিচ্ছেন। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, তা জানাতে চাননি। তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে শিল্প।

ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও শঙ্কা: কারখানামালিকদের বড় উদ্বেগ, ইতিমধ্যে স্থানান্তরিত ক্রয়াদেশের পাশাপাশি ভবিষ্যতের ক্রয়াদেশও হারাতে পারে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানিসংকট আরো বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কিছু কারখানাকে বিকল্প উৎস থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, পোশাক সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর ভাষ্য, ভারতের কারখানাগুলো বাংলাদেশের কারখানার তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময়সীমা ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম।

উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোতে কাজের জট তৈরি হয়েছে। ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রম অসন্তোষের প্রভাব নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও পড়েছে। ১ নভেম্বর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তাঁরা বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

পোশাকশিল্পের নেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। তাঁদের আশঙ্কা, অস্থিরতার সময় যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলোর সব আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজধানী ও সাভারে চার বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ও সাভারে চার বাসে আগুন

রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্ব...

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী
২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারো শুরু হয়েছে। বাংলাদেশ...

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ
২৭ নভেম্বর ২০২৬

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ

ইলিশের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সমন্বয় প...

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে