চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হলেও পুলিশ সদস্যরা দ্রুত তা নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ নিচতলার পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা সেখানে এগিয়ে যান এবং আগুন নিভিয়ে ফেলেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এ বাড়ি নির্মাণ করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতে।
এ ছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের আরো কয়েকটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রসঙ্গ উঠে আসে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার সব ঘটনা বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে, তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
সানা/আপ্র/১৯/১১/২০২৬