দেশের চার জেলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিত্যক্ত বাড়ি এবং আওয়ামী লীগের জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, পিরোজপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
চাঁদপুর: চাঁদপুর সদর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভবনের ওপর ও নিচের তলায় বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে তাঁরা কোনো খবর পাননি।
নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হাজী বাদাস রোডে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশালমিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তাঁরা শামীম ওসমানের ফাঁসির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালানো হয় এবং ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া বাড়ির সামনে শামীম ওসমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তাঁর বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে।
শামীম ওসমান কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান। ওই দিন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।’
পিরোজপুর: নাজিরপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা চালায়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তাঁর অন্য বাড়িটিতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জ: প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় হাতুড়ি দিয়ে কার্যালয়ের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় একই সড়কে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
এ ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বুধবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা করে বিএনপি। কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোরে শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সানা/আপ্র/১৯/১১/২০২৬