গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে ব্রিফিংয়ে মাহদী আমিন

গ্যাসের প্রবাহ বেড়েছে, সংকট কাটার আশা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:২১ এএম ২০২৬
গ্যাসের প্রবাহ বেড়েছে, সংকট কাটার আশা
ছবি

সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন -ছবি সংগৃহীত

গ্যাসের প্রবাহ ‘অনেকটাই বেড়েছে’ দাবি করে সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নেওয়া উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।

সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে গত সাত মাসে জনকল্যাণ, প্রশাসনিক সংস্কার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, সামাজিক সুরক্ষা ও বৈদেশিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রী গ্যাস সংকট দ্রুত কাটিয়ে শিল্পকারখানায় সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। এরই মধ্যে সেই উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।”

গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশে প্রায় ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে বলে জানান মাহদী আমিন। প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ হলে আরো ১৫০টি কূপ খননের দ্বিতীয় পর্যায় শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গ্যাস আমদানির সক্ষমতা বাড়াতে ২০২৮ সালের আগে সম্ভব হলে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালুর এবং দীর্ঘমেয়াদে মোট পাঁচটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এফএসআরইউয়ের পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন এবং জাতীয় গ্যাস সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক আরো শক্তিশালী করার উদ্যোগ চলছে বলেও জানান মুখপাত্র।

বিদ্যুৎ খাতে কারিগরি ত্রুটি দূর করে জাতীয় গ্রিডে ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কথা জানান তিনি। ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র ও একটি সার কারখানা স্থাপন, জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা এবং আগামী পাঁচ বছরে দেশের ডিজেলচালিত সেচপাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার কথাও জানান তিনি।

অর্থনীতি ও জনকল্যাণ: সরকারের সাত মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রশাসনিক সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ১৬ বছরের সংকট ও ক্ষয়ক্ষতি থেকে দেশকে পুনর্গঠনের কাজ চলছে। সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান সম্ভব নয়, তবে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কাজ করছে।

আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’সের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ হয়েছে বলে উল্লেখ করেন মাহদী আমিন। এর ফলে বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, মূল্যস্ফীতির হার কমেছে এবং খাদ্যপণ্যের দাম বাড়ার হারও আগের তুলনায় কমেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহও তুলনামূলক ভালো রয়েছে বলে দাবি করেন তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা জাতীয় পে-স্কেল অনুমোদন, সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর উদ্যোগের কথা জানান মুখপাত্র।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণ এবং ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি ভাতা দেওয়ার উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

ঢাকার করাইল, ভাষানটেক ও তলা বস্তি পুনর্বাসনে চীনের ১০ হাজার কোটি টাকা অর্থায়নে ২০ তলা ভবনে বিনামূল্যে আবাসিক ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব, প্রতিটি জেলায় আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অর্ধশত পাড়ায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন মেধাবী শিক্ষককে ১ লাখ টাকা করে বিশেষ জাতীয় পুরস্কার দেওয়ার উদ্যোগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবারের স্থায়ী ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান মাহদী আমিন।

স্বাস্থ্য খাতে ঢাকাসহ আট বিভাগীয় শহরে ১৫ তলা বিশেষায়িত জেনারেল হাসপাতাল নির্মাণ, জেলা ও উপজেলায় সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ৮০০-তে উন্নীত করার উদ্যোগের কথা জানান তিনি।

রংপুর মেডিকেল কলেজ চত্বরে বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টার নির্মাণ, জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পুনর্বহালের কথাও তুলে ধরেন।

মাহদী আমিন জানান, গত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে টিকা তৈরির কারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

যোগাযোগ ও যানবাহন: ঢাকা-চট্টগ্রাম করিডরে বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়ন, ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান মুখপাত্র।

আগামী চার মাসের মধ্যে মহাসড়কে নগদবিহীন স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু, কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে স্থানান্তর এবং ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন, বারকোড ও কিউআর কোডভিত্তিক ট্র্যাকিংয়ের উদ্যোগের কথাও বলেন তিনি।

মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রতি ১০ কিলোমিটার পরপর আধুনিক জীবনরক্ষাকারী অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, বৈদ্যুতিক গাড়ির দ্রুত চার্জিং স্টেশন এবং ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মাহদী আমিন।

বৈদেশিক সম্পর্ক ও শ্রমবাজার: মাহদী আমিন জানান, গত পাঁচ মাসে সরকার বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বা ২৫ হাজার ১৬৩ কোটি টাকা পরিশোধ করেছে। ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে বলেও তিনি তথ্য দেন।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং ওমানের কৃষি ও আধুনিক মৎস্য আহরণ খাতে আরো ১০ হাজার কর্মী পাঠাতে দ্বিপক্ষীয় চুক্তির অগ্রগতির কথা জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি এবং ইইউ চিহ্নিত ৬১টি বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধানের কথাও তুলে ধরেন মাহদী আমিন।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি অনুমোদন এবং যুক্তরাজ্যের ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের আওতায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও পণ্য ক্রয়ে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগের কথাও জানান তিনি।

সুশাসন ও প্রতিরক্ষা: প্রাতিষ্ঠানিক সুশাসনের ক্ষেত্রে সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, নাগরিকদের বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইটি’ প্রকল্প এবং ৬৪ জেলা সদরের থানাকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগের কথা জানান মুখপাত্র।

মাদকসংক্রান্ত বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তের কথাও তিনি বলেন।

প্রতিরক্ষা খাতে চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মাহদী আমিন। সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিজস্ব নজরদারি ড্রোনে সজ্জিত করা এবং সিলেটে বিশেষায়িত ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরাসরি নিয়মিত বিমান যোগাযোগ, বৈধ বৈদেশিক ভ্রমণ কোটার পরিমাণ বাড়িয়ে মাথাপিছু ১৮ হাজার ডলারে উন্নীত করা এবং তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঋণ তহবিল গঠনের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। 
সানা/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের জবাব মেলেনি
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের জবাব মেলেনি

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে জা...

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
১৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

সাংবাদিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এক...

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে...

বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী
১৬ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই