গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খাবার ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৪৩ এএম ২০২৬
খাবার ডেলিভারির ফাঁকে লেখা কবিতায় চীনের সর্বোচ্চ সাহিত্য সম্মান
ছবি

চীনের ডেলিভারি রাইডার ওয়াং জিবিংকে এনে দিয়েছে দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘লু শুন সাহিত্য পুরস্কার’

খাবার পৌঁছে দেওয়ার ব্যস্ততার ফাঁকে কাগজের ছোট ছোট চিরকুটে লিখতেন কবিতা। সেই শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, ক্লান্তি, স্বপ্ন আর প্রতিদিনের লড়াই নিয়েই গড়ে ওঠে তাঁর কাব্যের জগৎ। আর সেই কবিতাই এবার চীনের ডেলিভারি রাইডার ওয়াং জিবিংকে এনে দিয়েছে দেশটির অন্যতম সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘লু শুন সাহিত্য পুরস্কার’।

ডেলিভারি রাইডারদের দৈনন্দিন জীবন, অনিশ্চয়তা ও সংগ্রামকে উপজীব্য করে লেখা তাঁর কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ এ বছরের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। আধুনিক চীনা সাহিত্যের অন্যতম পথিকৃৎ লু শুনের নামে প্রবর্তিত এ পুরস্কার দেশটির সাহিত্য অঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি।

বর্তমানে ৫৬ বছর বয়সী ওয়াং জিবিং ২০১৯ সালে জীবিকার তাগিদে খাবার সরবরাহের কাজ শুরু করেন। কাজের ফাঁকে ফাঁকে লেখা তাঁর কবিতা ও গদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাঠকের নজরে আসেন তিনি। ধীরে ধীরে শ্রমজীবী মানুষের জীবনকথা তুলে ধরা একজন শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পান।

১৫ জুলাই পুরস্কারজয়ের খবর ঘোষণার পর রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ওয়াং বলেন, ‘আমি দম বন্ধ করে অপেক্ষা করছিলাম। ভীষণ নার্ভাস ছিলাম। ফল ঘোষণার পর যেন সব চাপ এক মুহূর্তে দূর হয়ে গেল।’ তবে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় মানসিক চাপও অনুভব করেছেন বলে জানান তিনি।

জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াংয়ের শৈশব কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। পরিবারের আর্থিক সংকটের কারণে কৈশোরেই লেখাপড়া ছেড়ে দিতে হয়। জীবনের বিভিন্ন সময়ে তিনি নির্মাণশ্রমিক, আবর্জনা সংগ্রহকারী এবং পথের ধারে ছোট ব্যবসায়ী হিসেবেও কাজ করেছেন। তবু বই পড়া ও লেখালেখির প্রতি তাঁর ভালোবাসা কখনো কমেনি।

২০২২ সালে ‘ম্যান ইন আ হারি’ শিরোনামের একটি কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভুল ঠিকানা দেওয়া এক গ্রাহকের কারণে ডেলিভারির সময় যে ভোগান্তির শিকার হয়েছিলেন, সেই অভিজ্ঞতা থেকেই কবিতাটি লিখেছিলেন তিনি।

পরের বছর প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ম্যান ইন আ হারি: ফুড ডেলিভারি রাইডারের কবিতা’। আর ২০২৪ সালে প্রকাশিত ‘লো ফ্লাইট’ গ্রন্থটি তাঁকে এনে দেয় দেশের সর্বোচ্চ সাহিত্যিক স্বীকৃতি। প্রায় ২০০ জন ডেলিভারি রাইডারের অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত এই কাব্যগ্রন্থে শ্রমজীবী মানুষের অদেখা বাস্তবতা উঠে এসেছে গভীর মানবিকতায়।

গ্রন্থটির বহুল আলোচিত একটি পঙ্ক্তি— ‘কে বলেছে ডানা মেলা মানেই শুধু আকাশের অনেক ওপরে উড়া? নিচুতে উড়াও তো উড়াই।’

পুরস্কার পেলেও নিজের পেশা ছাড়ার কোনো ইচ্ছা নেই ওয়াংয়ের। তিনি জানিয়েছেন, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত ডেলিভারি রাইডার হিসেবেই কাজ করতে চান।

তাঁর ভাষায়, ‘জীবিকা নির্বাহের জন্য এখন আর এই কাজের প্রয়োজন নেই। কিন্তু আমি এই কাজের পরিবেশ ভালোবাসি। এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। আমি সাধারণ মানুষের মতোই জীবন কাটাতে চাই। এই পুরস্কার আমার পরিচয় বদলে দেবে না।’

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের জীবন ও অভিজ্ঞতা সাহিত্যে নতুন মাত্রা যোগ করছে। সাবেক কুরিয়ার কর্মী হু আনিয়ানের স্মৃতিকথা এবং অভিবাসী শ্রমিক ফ্যান ইউসুর আত্মজীবনীমূলক লেখার পর ওয়াং জিবিংয়ের এই অর্জন সেই ধারাকেই আরও শক্তিশালী করেছে। তাঁর সাফল্য প্রমাণ করেছে, জীবনের কঠিন বাস্তবতা থেকেও জন্ম নিতে পারে অসাধারণ সাহিত্য; আর সৃষ্টিশীলতার জন্য পেশা নয়, প্রয়োজন গভীর অনুভব ও মানুষের প্রতি অকৃত্রিম মমত্ব।
সানা/আপ্র/২১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি
২২ আগস্ট ২০২৬

নতুন ইতিহাস রচনার পথে যাত্রা করছেন জসিম-শান্তা দম্পতি

প্রশাসনের উচ্চমার্গে রদবদল ও যোগ্য নেতৃত্বের অন্তর্ভুক্তি সর্বদা জাতীয় রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দ...

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ
২১ আগস্ট ২০২৬

মানুষের আগেই পৃথিবীতে ছিল মশার বিচরণ

২১ আগস্ট মশা দিবস। শুনতে কিছুটা অদ্ভুত হলেও দিবসটির উদ্দেশ্য মশাকে সম্মান জানানো নয়; বরং মশাবাহিত রো...

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
২১ আগস্ট ২০২৬

১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

পারিবারিক পরিমণ্ডল ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দঘন পরিবেশে শুক্রবার (২১ আগস্ট) নিজের ১১৭তম জন্মদিন উদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে