গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে নোটিশের প্রতিবাদে ৭ সংগঠন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৭ এএম ২০২৬
প্রেমের নাটক-সিনেমা বন্ধের দাবিতে নোটিশের প্রতিবাদে ৭ সংগঠন
ছবি

ছবি সংগৃহীত

প্রেমভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সাতটি সংগঠন। সংগঠনগুলোর ভাষ্য, কোনো নির্দিষ্ট ধারার সৃজনশীল কাজ সামগ্রিকভাবে বন্ধের দাবি শিল্প ও সৃজনশীলতার বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সম্মিলিত প্রতিবাদলিপিতে সংগঠনগুলো বলেছে, প্রেমের নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে আইনি নোটিশ জারির ঘটনায় টেলিভিশন ও বিনোদন অঙ্গনের পেশাজীবী, শিল্পী, নির্মাতা, প্রযোজক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

তাদের মতে, বাংলাদেশের টেলিভিশন ও দৃশ্যশ্রাব্য শিল্প দীর্ঘদিন ধরে দেশের সংস্কৃতি, বিনোদন, সৃজনশীলতা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নাটক, সিনেমা ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণে সৃজনশীল স্বাধীনতা, শিল্পীর মতপ্রকাশের অধিকার এবং প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করা জরুরি।

সংগঠনগুলো বলেছে, কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে প্রচলিত আইন, বিধিমালা ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকারের সুযোগ রয়েছে। কিন্তু একটি সম্পূর্ণ সৃজনশীল মাধ্যমের নির্দিষ্ট একটি ধারা বন্ধের উদ্যোগ টেলিভিশনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থান ও সৃজনশীল কর্মকাণ্ডকে ঝুঁকিতে ফেলতে পারে।

তবে একই সঙ্গে সংগঠনগুলো দায়িত্বশীল ও মানসম্মত বিষয়বস্তু নির্মাণের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছে। তাদের বক্তব্য, ‘রোমান্টিক নাটক বা সিনেমা নির্মাণকে সামগ্রিকভাবে বন্ধ করার দাবি কোনোভাবেই সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাহিল রনি, অডিও-ভিজ্যুয়াল টেকনিক্যাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেক সিদ্দিকী, টেলিভিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রাজ্জাক রাজ এবং বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান মানিক।

এর আগে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে শুধু প্রেমভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবং সম্প্রচারে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবিও জানানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়, দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর আধিক্যের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এসব বিষয়বস্তুতে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে, যা সমাজের প্রচলিত নৈতিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও নোটিশে দাবি করা হয়।

এ ধরনের বিষয়বস্তুর সঙ্গে যুবসমাজের পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগিতা এবং পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে। এ অবস্থায় যুবসমাজ ও সাধারণ মানুষকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

নোটিশদাতা সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে তাঁর দাবির পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য, ৩৯ অনুচ্ছেদে বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বাধানিষেধ আরোপের সুযোগ রয়েছে। আর ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ রয়েছে।

নোটিশে ১০ দিনের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে