গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মেনু

নেপালের বন্যায় বিপর্যস্ত মনীষা, পাশে দাঁড়ানোর আহ্বান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
নেপালের বন্যায় বিপর্যস্ত মনীষা, পাশে দাঁড়ানোর আহ্বান
ছবি

বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও হড়পা বানে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। নিজের জন্মভূমির এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সম্মেলনে অংশ নিয়ে নেপালের ভয়াবহ বন্যা নিয়ে কথা বলেন মনীষা। সেখানে তিনি বলেন, যারা এই দুর্যোগে সবকিছু হারিয়েছেন, সবার আগে তাঁদের কথা ভাবতে হবে। তাঁদের জন্য প্রার্থনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মনীষার ভাষায়, “বিপুল মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক।”

নিজের শৈশবের স্মৃতির সঙ্গে বর্তমান বিপর্যয়ের তুলনা করে তিনি ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের কথাও স্মরণ করেন। বলেন, সেই ভূমিকম্প কীভাবে নেপালের মানুষের জীবন ও অবকাঠামো তছনছ করে দিয়েছিল, তা তাঁর মনে আছে। কিন্তু এবারের দুর্যোগের আকস্মিকতা ও ব্যাপকতা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, নেপালে এমন ভয়াবহ বন্যা বা প্রকৃতির এমন রূপ অনেকেই আগে দেখেননি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সহায়তা করা সবার দায়িত্ব।

মনীষা কৈরালা নেপালেরই সন্তান। তাঁর পিতামহ বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। ফলে নিজের জন্মভূমির এই বিপর্যয়ে তাঁর আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

প্রাণহানি বাড়ছেই, নিখোঁজ শত শত
নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ২৬ আগস্ট সকালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার প্রবল স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীর পথ ধরে নেমে এসে ঘরবাড়ি, সেতু, সড়ক, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ভাসিয়ে নেয়। দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে।

নেপাল পুলিশের হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ হয়েছে। বিভিন্ন জেলায় নদী ও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা দ্রুত বাড়ছে। চিতওয়ান ও নওয়ালপরাসিসহ ভাটির কয়েকটি জেলায় বিপুলসংখ্যক মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১২৭ জন নেপালি নাগরিকসহ ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাঁদের অবস্থান শনাক্ত করতে পর্যটন সংস্থা, ভ্রমণ প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

নেপালি সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযানে নিয়োজিত রয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া মানুষকে সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। নদীর তীর, বসতি ও ধ্বংসস্তূপে স্থলপথেও চলছে তল্লাশি।

নতুন করে বন্যার শঙ্কা

প্রথম দফার বিপর্যয়ের মধ্যেই নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে নদীর গতিপথে বাধা সৃষ্টি হয়ে একটি প্রাকৃতিক জলাধার বা প্রতিবন্ধক হ্রদ তৈরি হয়েছে। সেখানে বিপুল পরিমাণ পানি জমে যাওয়ায় হ্রদটির বাঁধ ভেঙে গেলে ভাটির দিকে আবার প্রবল ঢল নেমে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তৈরি জলাধারটির পানি ইতোমধ্যে উপচে পড়তে শুরু করেছে এবং এর আয়তন ২৫ লাখ ঘনমিটারেরও বেশি হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং নদী অববাহিকার নিচের দিকের বাসিন্দাদের সতর্ক রাখা হয়েছে।

বন্যার উৎস ও ভয়াবহতার কারণ নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বিশ্লেষণে তিব্বত দিক থেকে প্রবল জলপ্রবাহ ভোতে কোশি নদীতে ঢুকে নেপালের দিকে নেমে আসার কথা বলা হয়েছে। একই সঙ্গে হিমবাহ ধস, বরফ-শিলা ধস ও ভূমিধসের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনো নেপালের মানুষের মনে তাজা। তার এক দশক পর এমন ভয়াবহ আকস্মিক বন্যা দেশটির বহু অঞ্চলে নতুন করে বিপর্যয়ের চিহ্ন রেখে যাচ্ছে। আর সেই ধ্বংসযজ্ঞ দেখে জন্মভূমির মানুষের পাশে দাঁড়ানোর যে আবেদন জানিয়েছেন মনীষা কৈরালা, তা এখন কেবল একজন তারকার আবেগ নয়-বিপর্যস্ত মানুষের জন্য সহমর্মিতারও এক মানবিক আহ্বান।
সানা/আপ্র/২৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ
২৭ আগস্ট ২০২৬

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা ক...

কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন
২৭ আগস্ট ২০২৬

কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের পর রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়ে...

নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হলেন মডেল মুসকান
২৭ আগস্ট ২০২৬

নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হলেন মডেল মুসকান

নিজের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হলেন ২১ বছরের এক তরুণী। বুধবার (২৬ আগস্ট) ভারতের পশ্চিম দিল্লির তিলক নগ...

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
২৭ আগস্ট ২০২৬

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে

দুই বছরের প্রেমের ইতি টানলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিৎয় রায় কাপুরের পর গত দুই বছর ধরে তিনি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে