ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার ও শিক্ষার্থী এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে বাইসাইকেল।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে, ৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া ৬০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/৮/২০২৬