লম্বা সময় ধরে সিনে পর্দায় দেখা নেই চিত্রনায়ক বাপ্পারাজের। তবে অভিনয় না করলেও চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। নতুন খবর হলো, দীর্ঘ বিরতি শেষে আবার সিনেমায় অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় এই তারকা। এরই মধ্যে পরিচালক এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পারাজ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপ্পারাজের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে পরিচালক এম ডি ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজ কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমরা গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই অভিনয়শিল্পী নির্বাচন করছি। বাপ্পারাজ যে চরিত্রে দেখা যাবে, সেটি সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।’
এদিকে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়। সিনেমাটিতে দেশ ও কলকাতার বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে।
কেএমএএ/আপ্র/২৮.০৮.২০২৬