গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

ডিপজলকে সাক্ষী, ডলি জহুরকে জিজ্ঞাসাবাদ চান নীলা চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
ডিপজলকে সাক্ষী, ডলি জহুরকে জিজ্ঞাসাবাদ চান নীলা চৌধুরী
ছবি

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও মা নীলা চৌধুরী -ফাইল ছবি

সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে চলচ্চিত্র অঙ্গনের আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। খল অভিনেতা ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্রসংশ্লিষ্ট আরো কয়েকজনের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।

গত ১০ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

ডনকে গ্রেফতারের ঘটনায় ডিপজলের ভূমিকা নিয়ে নীলা চৌধুরী বলেন, তাঁকে এ মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা দরকার। তাঁর ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডন সম্পর্কে ডিপজল অনেক কিছু জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছিলেন-এ বিষয়টিও তিনি জানতেন বলেই তাঁকে ধরিয়ে দিতে সহায়তা করেছেন বলে মনে করেন নীলা।

তিনি বলেন, সালমান শাহ হত্যার সময় ডিপজলসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে নিয়মিত কাজ করতেন। ফলে ওই সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে তাঁদের ধারণা থাকতে পারে। ডিপজল যদি কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তা সাক্ষী হিসেবে তদন্তকারীদের জানানো উচিত। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা মামলার তদন্তে সহায়ক হতে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে ডনকে ধরিয়ে দিতে সহায়তা করায় ডিপজলকে ধন্যবাদও জানান সালমান শাহর মা।

ডলি জহুর সম্পর্কেও তদন্তের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল, সে বিষয়ে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। তাই ওই দিনের ঘটনা সম্পর্কে তাঁর কাছে কী তথ্য রয়েছে এবং সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে তাঁর যোগাযোগ কেমন ছিল, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

নীলা চৌধুরী বলেন, ডলি জহুর, বাদল খন্দকারসহ আরো অনেকে ঘটনাটি সম্পর্কে জানেন। প্রয়োজন মনে করলে তাঁদের কাউকে মামলায় আসামি করার কথাও জানান তিনি। তাঁর অভিযোগ, চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন সালমান শাহকে বিভিন্নভাবে বিরক্ত করেছেন।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী। তাঁর অভিযোগ, সালমান শাহ হত্যা মামলার আসামি ডন কীভাবে এফডিসিতে এসে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখা দরকার। তাঁর দাবি, ডনকে যারা এভাবে সহযোগিতা বা প্রশ্রয় দিয়েছেন, তাঁদেরও শনাক্ত করতে হবে।

নীলা চৌধুরী বলেন, ডনকে পুলিশের কাছে তুলে দেওয়ার পরিবর্তে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ তাঁকে বরণ করে নিয়েছেন। তাঁর মতে, এতে বোঝা যায়, কোনো না কোনো মহলের ছত্রচ্ছায়ায় ডন ছিলেন।

ডন গ্রেফতারের পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম ও ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা চৌধুরী। তাঁর ভাষ্য, তাঁর ভাইকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সেই হুমকি বেড়েছে। সালমান শাহর ভক্তদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে এসব হুমকির বিভিন্ন বার্তার চিত্র সংরক্ষণ করে রাখার কথা জানান তিনি।

তিনি বলেন, হুমকি দিয়ে বিচারপ্রক্রিয়া থামানো যাবে না। বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত সালমান শাহ হত্যা মামলার বিচার শেষ করতে হবে।

এদিকে সালমান শাহ ভক্ত ঐক্যজোটের উদ্যোগে গত শনিবার ঢাকায় মানববন্ধন করা হয়েছে। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করার দাবিতে দেশের ৬৪ জেলার ভক্তরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। উদ্যোগটির অন্যতম সমন্বয়ক সাজিদ কামাল বলেন, তাঁরা ডনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন। এতে মামলার বিষয়ে আরো তথ্য বেরিয়ে আসতে পারে বলে তাঁদের ধারণা। পাশাপাশি সামিরা হকসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবরে তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। ডন এ মামলার চার নম্বর আসামি। গত ৯ আগস্ট সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান এবং পরবর্তী সময়ে তাঁর জামিন আবেদনও নামঞ্জুর হয়। 
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়
২২ আগস্ট ২০২৬

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে দেড় বছর ধরে চলা আলোচনা এবা...

‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত
২২ আগস্ট ২০২৬

‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত

বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পো...

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
২২ আগস্ট ২০২৬

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চি...

শিকড়ের টানে চা-শিল্পীদের ‘মুল্লুক’ গান
২২ আগস্ট ২০২৬

শিকড়ের টানে চা-শিল্পীদের ‘মুল্লুক’ গান

চা-বাগানের শ্রমজীবী মানুষের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা ও পরিচয়ের সন্ধানকে উপজীব্য করে নতুন গান প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই