দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য ভি জানিয়েছেন, তাঁর ডান কানের শ্রবণশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তিনি দীর্ঘদিন ধরে এ সমস্যার চিকিৎসা নিচ্ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভক্তদের সঙ্গে আলাপকালে নিজের শারীরিক সমস্যার কথা প্রথমবারের মতো প্রকাশ করেন এই তারকা। বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় আড়াই বছর ধরে তিনি শ্রবণজনিত সমস্যায় ভুগছেন।
ভি বলেন, “বাঁ কানের শ্রবণক্ষমতা যদি ১০০ শতাংশ ধরা হয়, ডান কানে তা এখন প্রায় ৩০ শতাংশের মতো অবস্থায় আছে।”
তিনি জানান, শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তাঁর ধারণা ছিল, এটি হয়তো মানসিক চাপ বা সাময়িক সমস্যা। কিন্তু সময়ের সঙ্গে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
বর্তমানে তিনি নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান।
ভির আসল নাম কিম তেহিয়ং। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন তিনি। ২০২৫ সালের জুনে দায়িত্ব শেষ করে সংগীতজগতে ফেরেন। তাঁর ভাষ্য, সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময় শ্রবণসংক্রান্ত সমস্যা আরো বেড়ে যায়।
এদিকে চলতি বছরের এপ্রিল থেকে বিটিএস নতুন বিশ্ব সফর শুরু করেছে। ‘আরিরাং’ নামের এই সফর আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। শুরুতে ৩৪টি শহরে ৭৯টি কনসার্টের পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৮৮টি করা হয়েছে। ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসে।
দীর্ঘ বিরতির পর এ বছর নতুন অ্যালবামও প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল দলটির সর্বশেষ বড় কনসার্ট ট্যুর। এরপর সদস্যদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে দলগত কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক-সাত সদস্যই পর্যায়ক্রমে সামরিক দায়িত্ব পালন করেছেন। যদিও এই সময়ে কেউ কেউ একক গান প্রকাশ করেছিলেন, তবু বিটিএসের পূর্ণাঙ্গ দলগত উপস্থিতি ছিল না। গত বছর সব সদস্য ফিরে আসার পর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি আরেকটি কারণে আলোচনায় এসেছে বিটিএস। ব্যান্ডটি আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর পরপরই গ্র্যামির ওয়েবসাইট থেকে ২০২১ সালের ‘ডায়নামাইট’ এবং ২০২২ সালের ‘বাটার’ গানের দুটি জনপ্রিয় লাইভ পারফরম্যান্স ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে ভিডিও দুটি বিটিএসের নিজস্ব ইউটিউব চ্যানেলসহ অন্যান্য প্ল্যাটফর্মে এখনো দেখা যাচ্ছে।
এর আগে একাধিকবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেনি বিটিএস।
এদিকে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘সেরা এশীয় পপ সংগীত পরিবেশনা’ বিভাগ চালুর ঘোষণা দিয়েছে রেকর্ডিং একাডেমি। এর পরপরই বিটিএস গ্র্যামিতে গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানায়। আন্তর্জাতিক সংগীত অঙ্গনে ধারণা করা হচ্ছে, নতুন এই বিভাগ নিয়ে ব্যান্ডটির কিছু আপত্তি থাকতে পারে। সূত্র: বিবিসি
সানা/আপ্র/১৪/৮/২০২৬