ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই বাড়ছে লেপ-তোষক ও বালিশ তৈরির চাহিদা। কেউ হাটবাজারে বিক্রির জন্য আগাম লেপ-তোষক তৈরি করে মজুদ করছেন, আবার কেউ ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী তৈরি করছেন এসব সামগ্রী।
উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, কাপড় ও তুলার মান এবং আকারভেদে লেপ-তোষকের দাম নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে চার থেকে পাঁচ হাত মাপের একটি লেপ বা তোষক বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। কারিগররা জানান, প্রতিটি লেপ তৈরির মজুরি হিসেবে তাঁরা পান ২০০ থেকে ৩০০ টাকা। তবে কাপড় ও তুলার দাম বেড়ে যাওয়ায় এবার লেপ-তোষকের দামও কিছুটা বেশি।
ইতিমধ্যে উপজেলায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর নামছে কুয়াশাও। রাতে গরম কাপড় ব্যবহার না করে ঘুমানো কঠিন হয়ে পড়ছে। ফলে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য লেপ-তোষক ও বালিশ সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকায় প্রচলিত রীতি অনুযায়ী, শীতের মৌসুমে নতুন জামাইকে লেপ-তোষক ও বালিশ উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে। এ কারণেও এ সময় এসব সামগ্রীর চাহিদা বাড়ে। সব মিলিয়ে শীতের আগমনে লেপ-তোষক তৈরির কাজে গতি ফিরেছে।
উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে উঠেছে লেপ-তোষক তৈরির স্থায়ী ও অস্থায়ী দোকান। এসব দোকানে দিনভর চলছে তুলা ধুনানো, কাপড় কাটা ও সেলাইয়ের কাজ। এ পেশায় নিয়োজিত কারিগর রিপন জানান, এবার শুরু থেকেই শীতের তীব্রতা বেশি হতে পারে বলে তাঁর ধারণা। তাই আগেভাগেই কাজের চাপ বেড়েছে। বাড়িতে ব্যবহারের জন্য অনেকেই লেপ-তোষক ও বালিশ তৈরি করতে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩০ থেকে ৪০টি লেপ-তোষকের দোকান রয়েছে। শীতের মৌসুমকে সামনে রেখে এসব দোকানের কারিগররা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন।
সানা/আপ্র/২৭/১১/২০২৬