গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

তালা ভেঙে কারখানা উচ্ছেদের অভিযোগ, ক্ষতি ২ কোটি টাকা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৩ এএম ২০২৬
তালা ভেঙে কারখানা উচ্ছেদের অভিযোগ, ক্ষতি ২ কোটি টাকা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কারখানার তালা ভেঙে ভেতরে থাকা কোটি টাকার যন্ত্রপাতি, কাঁচামাল ও তৈরি পণ্য বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। খোলা আকাশের নিচে পড়ে বৃষ্টি ও বাতাসে এসব মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার এক ব্যবসায়ী। একই সঙ্গে কারখানার ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় প্রায় ২ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৫৮১ টাকা ক্ষতির অভিযোগে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম (৩৯)। গত ২০ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ সি.আর. মামলা নম্বর ২৫৭/২০২৬ (আকবরশাহ) দায়ের করেন তিনি। মামলায় উত্তর কাট্টলী এলাকার মো. সালমানুর রহমান ইফরান (৪০)কে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩১ জুলাই আসামির কাছ থেকে তিন বছরের জন্য একটি খালি শেড ভাড়া নেন রেজাউল করিম। অগ্রিম ও জামানত বাবদ ৩ লাখ টাকা পরিশোধ করে সেখানে ৬ ফিট লাইন কবজা তৈরির কারখানা চালু করেন তিনি। মামলার সময়ও ওই ভাড়ার চুক্তির মেয়াদ কার্যকর ছিল বলে দাবি করা হয়েছে।

চুক্তির ৯ নম্বর শর্ত অনুযায়ী, চুক্তিতে কোনো ব্যত্যয় ঘটলে তিন মাসের লিখিত নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে বাদীর অভিযোগ, ওই শর্ত অনুসরণ না করে গত ১৭ জুলাই সকালে আসামি কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে কারখানায় থাকা বিপুল পরিমাণ মালামাল বাইরে ফেলে দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাইরে ফেলে দেওয়া মালামালের মধ্যে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারী যন্ত্রপাতি, ৭৩ লাখ টাকার কাঁচামাল এবং ৩৬ লাখ টাকার তৈরি পণ্য ছিল। খোলা জায়গায় পড়ে থাকায় বৃষ্টি ও বাতাসে যন্ত্রপাতিতে মরিচা ধরে এবং পণ্য ও কাঁচামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া কারখানার ক্যাশ বাক্স ভেঙে ৪ লাখ ৭৬ হাজার ৫৮১ টাকা নগদ নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন বাদী। সব মিলিয়ে যন্ত্রপাতি, কাঁচামাল, তৈরি পণ্য ও নগদ অর্থসহ ক্ষতির পরিমাণ ২ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৫৮১ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরো বলা হয়, ঘটনার পর রেজাউল করিম লিগ্যাল নোটিশ পাঠিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু এতে সমস্যার সমাধান না হয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। গত ১৬ আগস্ট ক্ষতিপূরণ চাইতে গেলে আসামি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি আকবরশাহ থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও তাঁকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮০, ৪২৭, ৪৪৭ ও ৫০৬(২) ধারায় মামলা করেন।

এদিকে মামলায় অভিযুক্ত সালমানুর রহমান ইফরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্তে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সানা/আপ্র/২৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
২৪ আগস্ট ২০২৬

ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মানিক, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের ছেলে মো. মানিক সরক...

‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ
২৪ আগস্ট ২০২৬

‘পানি পানি’ বলে আর্তনাদ, ফ্ল্যাটে মিলল গৃহবধূর মরদেহ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জা...

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৪ আগস্ট ২০২৬

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এস এ খান শিল্টু: মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার...

চট্টগ্রামে সাকিব হত্যা: এজাহারভুক্ত তিনজনসহ গ্রেফতার ৮
২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সাকিব হত্যা: এজাহারভুক্ত তিনজনসহ গ্রেফতার ৮

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে