ঢাকায় জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
রোববার (৪ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের উত্তর পাশের ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই আল-আমিন বলেন, “আমরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
তিনি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ কর্মকর্তা আল-আমিন বলেন, আশপাশের লোকজন ওই যুবককে চিনতে পারেনি। তার নাম-পরিচয়ও জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সানা/কেএমএএ/আপ্র/৪/১০/২০২৬