গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর ধন্যবাদ, ছাত্রদলের দুঃখপ্রকাশ; নতুন কমিটির আভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩৪ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর ধন্যবাদ, ছাত্রদলের দুঃখপ্রকাশ; নতুন কমিটির আভাস
ছবি

ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া এবং নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা শুরুর মধ্যেই সংগঠনের শীর্ষ ছয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় আধা ঘণ্টার ওই বৈঠকে আওয়ামী লীগ সরকারের সময় এবং ২০২৪ সালের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার জন্য সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দ্রুত নতুন কমিটি গঠনের ইঙ্গিতও দিয়েছেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বৈঠকে ছাত্রদলের বর্তমান নেতৃত্বের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক বিস্তার এবং নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া দুই ছাত্রদল নেতা জানান, ২০২৪ সালের সরকার পতনের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সারাদেশে গড়ে তোলা দুই হাজার দুই শর বেশি সাংগঠনিক কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথাও প্রধানমন্ত্রী নেতাদের জানিয়েছেন। নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনের রাজনীতির জন্য তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি। ছাত্রদলের কার্যক্রমে তিনি সন্তুষ্ট বলেও নেতাদের জানিয়েছেন।

বৈঠকে পরবর্তী কমিটির সম্ভাব্য নেতৃত্ব নিয়েও নেতাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর মতামত নেওয়ার কথা জানিয়েছেন সংগঠনের একজন নেতা। ফলে নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ছাত্রদলের অভ্যন্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বর্তমান কমিটি ও সম্ভাব্য নতুন নেতৃত্বের কয়েকজন নেতার মধ্যে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার আগ্রহ তৈরি হয়েছে। সংগঠনের একাধিক নেতার ভাষ্য, বর্তমান ও নতুনদের মিলিয়ে অন্তত ১০ জনের বেশি নেতা শীর্ষ দুই পদে আসতে আগ্রহী। তাদের অনেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন।

রাকিবের বিদায়বার্তা, বাড়ছে জল্পনা: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পর মধ্যরাতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট নতুন কমিটি গঠনের আলোচনা আরও জোরালো করেছে।

বিদায়ী আবহের ওই পোস্টে তিনি লিখেছেন, “অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।”

একই পোস্টে নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষার কথা জানান তিনি। পাশাপাশি নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন রাকিব। তাঁর এই বক্তব্যকে বর্তমান কমিটির বিদায়ের ইঙ্গিত হিসেবেই দেখছেন সংগঠনের নেতারা।

তবে ছাত্রদল সভাপতির সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

নেতৃত্বের কাছে দুঃখপ্রকাশ: বৈঠকে ছাত্রদলের বর্তমান নেতৃত্ব সংগঠনের সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও সাংগঠনিক ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানা গেছে।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল পরাজিত হওয়া নিয়ে বর্তমান নেতারা দুঃখ প্রকাশ করেন।

এর বিপরীতে প্রধানমন্ত্রী সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে নিয়মিত শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং শিক্ষাঙ্গনে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন।

দেড় বছরের নেতৃত্বের অবসান? ২০২৪ সালের ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভাপতি করা হয় রাকিবুল ইসলাম রাকিবকে এবং সাধারণ সম্পাদক করা হয় নাছির উদ্দীন নাছিরকে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করেছিলেন।

এরপর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময়ে ছাত্রদল রাজপথে সক্রিয় ছিল। সংগঠনের দাবি অনুযায়ী, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংগঠনিক এলাকায় ব্যাপক কমিটিও গঠন করা হয়েছে।

তবে ক্ষমতার পালাবদলের পর ছাত্রদলের সামনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বিরোধী দলের আন্দোলননির্ভর রাজনীতি থেকে রাষ্ট্রক্ষমতার সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের ছাত্রসংগঠনে পরিণত হওয়ায় সংগঠনটির নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং শিক্ষাঙ্গনে ভূমিকা—সবকিছু নিয়েই নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান শীর্ষ নেতাদের সাক্ষাৎ এবং তাঁর পক্ষ থেকে দ্রুত নতুন কমিটি গঠনের বার্তা সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

বৈঠকে অংশ নেওয়া একজন নেতা বলেন, “ছাত্রদলের পরবর্তী কমিটি যেকোনো সময় হতে পারে—এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

ফলে এখন প্রশ্ন একটাই—বর্তমান কমিটির বিদায় কবে, আর নতুন নেতৃত্বে কারা আসছেন?
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মির্জা ফখরুলের বিদায়ে দল ও সরকারে বড় রদবদলের আভাস
১৪ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের বিদায়ে দল ও সরকারে বড় রদবদলের আভাস

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দল ও সরকা...

ব্যাটারিচালিত রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কারখানা ঠিক করার উদ্যোগ
১৩ আগস্ট ২০২৬

ব্যাটারিচালিত রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কারখানা ঠিক করার উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত ও...

পরিকল্পনাহীনতা থেকেই জ্বালানি সংকট, দায় সরকারের: নাহিদ
১৩ আগস্ট ২০২৬

পরিকল্পনাহীনতা থেকেই জ্বালানি সংকট, দায় সরকারের: নাহিদ

পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার কারণেই দেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়ে...

মির্জা ফখরুলের বক্তব্য ঘিরে রংপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
১২ আগস্ট ২০২৬

মির্জা ফখরুলের বক্তব্য ঘিরে রংপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই