রাজধানীর মেট্রোরেলের পিলারগুলোতে আবারো আঁকা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত পিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি, জুলাই আন্দোলনের শহীদদের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থান পাচ্ছে। পাশাপাশি থাকছে ডেঙ্গু সচেতনতামূলক বার্তা এবং সবুজ ঢাকা গড়ার আহ্বান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’। সংস্থাটি জানিয়েছে, নগরবাসীর অংশগ্রহণে মেট্রোরেলের পিলারগুলোতে জুলাইয়ের গ্রাফিতি নতুন করে আঁকার মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে।
গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে মিরপুর-১০ গোলচত্বরের ২৪৮ নম্বর পিলারে রং করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পেছনে খালেদা জিয়ার সবচেয়ে বেশি অবদান রয়েছে। এ কারণে মেট্রোরেলের পিলারের গ্রাফিতিতে তাঁর ছবি আঁকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসক আরো বলেন, ‘কোনো রাজনীতিকরণ করা হবে না। যাঁরাই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, যাঁরা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন; ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবি পর্যায়ক্রমে প্রতিটি পিলারে আঁকা হবে।’
ডিএনসিসি জানায়, গত বছর আঁকা অনেক গ্রাফিতি বৃষ্টি ও ধুলায় নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাস রচনায় আত্মত্যাগকারীদের অবদান স্মৃতিতে ধরে রাখতেই এ পুনরায় আঁকার কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নগরবাসীকেও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মেট্রোরেলের পিলারে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একাধিক গ্রাফিতি থাকছে। তাঁর একটি গ্রাফিতিতে লেখা হচ্ছে, ‘মহান স্বাধীনতার ঘোষক’। অন্যটিতে রয়েছে, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও বেশ কয়েকটি গ্রাফিতি আঁকা হচ্ছে। তাঁর ছবির নিচে লেখা হচ্ছে, ‘স্বৈরতন্ত্র নয়, আমরা গণতন্ত্র চাই’ এবং ‘আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো, দেশবাসীকে ছেড়ে যাবো না’। অন্য একটি গ্রাফিতিতে তাঁর ছবির নিচে লেখা হচ্ছে, ‘ক্ষমতা নয়, দায়িত্ব বড়’। আরেকটিতে রয়েছে, ‘গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে’।
এ ছাড়া রক্তাক্ত বাংলাদেশের মানচিত্রের ওপর ‘রিমেমবারিং জুলাই’ লেখা গ্রাফিতি থাকছে। জুলাই আন্দোলনের মিছিলের ছবিতে লেখা হয়েছে, ‘১ দফা ১ দাবি, হাসিনা তুই কবে যাবি’। আন্দোলনে শহীদ মুগ্ধসহ অন্যদের ছবি এবং তার ওপরে ‘রাজপথ রক্তে রাঙা’ লেখাও থাকছে।
জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার চিত্র তুলে ধরেও একটি গ্রাফিতি আঁকা হচ্ছে। সেখানে লেখা, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’। এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের দুই হাত প্রসারিত ছবিও স্থান পাচ্ছে।
অন্য একটি গ্রাফিতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধের বার্তা এবং সবুজ ঢাকা গড়ার আহ্বানও থাকছে।
সানা/আপ্র/১২/১০/২০২৬