গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১৭ এএম ২০২৬
সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী বলেন, আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউনিসেফের সঙ্গে কথা বলেছি। সেটা হচ্ছে কীভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে আমরা নিরাপদ পানি পৌঁছে দিতে পারি। আপনারা জানেন যে, পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু এই পানি যদি দূষিত হয়, যদি জীবাণুপূর্ণ হয়, তাহলে এই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, আজকের দুনিয়ায় একদিকে পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য, অন্যদিকে এই পানি আবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই বাংলাদেশে ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এ চ্যালেঞ্জ নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

ড. আবদুল মঈন খান বলেন, আমাদের নদীতে অনেক পানি আছে, কিন্তু সেই নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমাদের যে উজান, নদীর উজানগুলোতে পানি প্রত্যাহার করা হচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার ফলশ্রুতিতে একদিকে যেমন আমাদের উত্তরের জেলাগুলোতে ডেজার্টিফিকেশন হচ্ছে, অর্থাৎ মরুভূমিজনিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আবার এর দ্বিতীয় একটি প্রভাব রয়েছে দক্ষিণাঞ্চলে।

তিনি বলেন, বাংলাদেশের নদীগুলো দিয়ে পানি বঙ্গোপসাগরে যায়। এই পানির পরিমাণ কমে গেলে সমুদ্রের পানির লবণাক্ততা ওপরের দিকে উঠতে থাকে। এ কারণে দক্ষিণাঞ্চলে বিগত কয়েক দশক ধরে উজানে পানি প্রত্যাহারের কারণে পানীয় জলের বিরাট সমস্যা দেখা দিয়েছে। যারা দক্ষিণাঞ্চলের অধিবাসী অথবা আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন, তাহলে জানতে পারবেন যে সুপেয় পানি কীভাবে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের।

মন্ত্রী বলেন, সমস্ত বিষয় বিবেচনা করে আমাদের দায়িত্ব মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যে আমরা কীভাবে জাতিসংঘের সঙ্গে একসঙ্গে কাজ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি, তার অর্থায়ন কীভাবে হবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে।

সুপেয় পানির জন্য প্রস্তাবিত প্রকল্পে কত টাকা ব্যয় হবে, জানতে চাইলে ড. আবদুল মঈন খান বলেন, আজকে আমরা সম্মিলিতভাবে যে প্রকল্প নিয়ে আলাপ করেছি, সেখানে শুধু ইউনিসেফ নয়; বিভিন্ন সংস্থা রয়েছে। সবাইকে মিলিয়ে যোগ করলে প্রায় এটা ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলারের দাঁড়াবে। তার অর্থ হচ্ছে প্রায় ২৫ হাজার কোটি টাকার মতো।

বৈঠকে শুধু ইউনিসেফ নয়, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এসব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা করার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, আমাদের যে লিড মিনিস্ট্রি, যেটাকে আপনারা এলজিআরডি বলেন, এই মন্ত্রণালয়ের প্রধান একটি প্রধান কাজ হচ্ছে মানুষের যে জীবন, যে পানি, সেই নিরাপদ পানি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতা সংস্থার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে আসছে। তবে সেই সহায়তা সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। ফরচুনেটলি বাংলাদেশ কিন্তু বাইলেটারাল এবং মাল্টিলেটারাল ডোনার উভয়পক্ষ থেকে যথেষ্ট সুযোগ-সুবিধা সহায়তা আমরা পেয়েছি। তবে, আমি কিন্তু খোলাখুলি একটা কথা বলবো, সেই সহায়তা কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। বর্তমানে বিদেশি অর্থায়নের পরিমাণও কমে আসছে। ধনী দেশগুলো নিজেরাও অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাওয়ায় দরিদ্র দেশগুলোর জন্য সহায়তার পরিমাণ কমছে।

ড. আবদুল মঈন খান বলেন, আজকে বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পরে যখন একটি গণতান্ত্রিক সরকার ফিরে এসেছে, আমরা যেভাবে জবাবদিহিমূলক একটি সরকার গঠন করে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছি, সেই পরিস্থিতিতে বিগত ১৭ বছরে যে অপচয় হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের, যারা তাদের গায়ের রক্ত জল করে, যারা পরিশ্রম করে এই দেশকে তারা গড়ে তুলেছে, তাদের সেই সম্পদ যে ছিনিয়ে নেওয়া হয়েছিল বিগত ১৭ বছরে, আমরা সেটা বন্ধ করেছি ইতিমধ্যেই, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে।

তিনি বলেন, ভবিষ্যতে আমি বিশ্বাস করি এই দেশ থেকে দুর্নীতি দূর করে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত করবো।

এসি/আপ্র/০৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পোশাক খাতে মালিক-পরিচালকের বেতন ৩ লাখ, শ্রমিকের ২১ হাজার
২৫ নভেম্বর ২০২৬

পোশাক খাতে মালিক-পরিচালকের বেতন ৩ লাখ, শ্রমিকের ২১ হাজার

পুরুষের তুলনায় নারী শ্রমিকের মজুরি ২১ শতাংশ কম

বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার
২৫ নভেম্বর ২০২৬

বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের...

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে