বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে দেশে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, আশপাশের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, ওই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর মধ্যেও বাংলাদেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম রাখা হয়েছে।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই তেল-গ্যাসের দাম বেড়েছে। আজকের দিনেও আশপাশের যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে ডিজেলের দাম কম।’
মাহদী আমিন বলেন, যুদ্ধ শুরুর আগে ও পরে বিভিন্ন ধাপে জ্বালানির দাম বাড়িয়ে যে পর্যায়ে নেওয়া হয়েছে, তার তুলনায় বাংলাদেশে সরকার ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ ভর্তুকি দিয়ে তেল-গ্যাসের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘সংকটটা বৈশ্বিক। এর চাপ যেন জনগণের ওপর না পড়ে, সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে।’
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাঁর মতে, বর্তমান সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধের প্রভাবের পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া কাঠামোগত সমস্যাও রয়েছে।
মাহদী আমিন বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি সমাধানে কাজ করবে। একই সঙ্গে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং দেশে নতুন করে গ্যাস উত্তোলনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৭/১০/২০২৬