গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৭ এএম ২০২৬
সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী
ছবি

ছবি সংগৃহীত

সাপের বিষে আক্রান্ত মানুষকে বাঁচাতে এত দিন চিকিৎসকদের হাতে ছিল সীমিত কিছু উপায়। বিষধর সাপের প্রজাতিভেদে বিষের ধরনও আলাদা হওয়ায় একটি অ্যান্টিভেনম দিয়ে সব ধরনের বিষ মোকাবিলা করা কঠিন। এবার এ সমস্যার সমাধানে নতুন আশার কথা জানিয়েছেন ভারত ও ডেনমার্কের বিজ্ঞানীরা।

গবেষকেরা এমন একটি অ্যান্টিভেনম তৈরি করেছেন, যা ভারতের বিভিন্ন প্রজাতির কোবরার বিষের বিরুদ্ধে কার্যকর হতে পারে। তাঁদের ধারণা, চিকিৎসা পদ্ধতিটি সফল হলে বিশ্বজুড়ে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতে পারে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, নতুন অ্যান্টিভেনমটি পাঁচ ধরনের ক্ষুদ্র অ্যান্টিবডি খণ্ড বা ন্যানোবডি দিয়ে তৈরি। পরীক্ষায় চশমা কোবরা, মনোকলড কোবরা এবং ভারতের দুই প্রজাতির কিং কোবরার বিষ ঠেকাতে এটি অত্যন্ত কার্যকর হয়েছে।

শুধু ভারতেই প্রতিবছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। বিশ্বের দেশগুলোর মধ্যে এ সংখ্যা সবচেয়ে বেশি। সাপের প্রজাতিভেদে বিষের ধরনও আলাদা। কোনো বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে, আবার কোনোটি রক্ত বা শরীরের বিভিন্ন টিস্যু ক্ষতিগ্রস্ত করে। ফলে সব ধরনের বিষের বিরুদ্ধে একই অ্যান্টিভেনম তৈরি করা কঠিন।

হাসপাতালে ব্যবহৃত অ্যান্টিভেনমেরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিভিন্ন সময়ে তৈরি করা অ্যান্টিভেনমের কার্যকারিতায় পার্থক্য থাকতে পারে। এ ছাড়া এর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। পাশাপাশি সব প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে এটি সমানভাবে কার্যকর নয়।

প্রচলিত পদ্ধতিতে অ্যান্টিভেনম তৈরির জন্য ঘোড়ার মতো প্রাণীকে বারবার বিষ প্রয়োগ করা হয়। এতে প্রাণীর শরীরে বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। পরে প্রাণীর রক্ত থেকে সেই অ্যান্টিবডি সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরি করা হয়। এ পদ্ধতিতে খরচ বেশি এবং প্রয়োজনীয় অ্যান্টিবডিও তুলনামূলক কম পাওয়া যায়।

তবে নতুন পদ্ধতিতে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। গবেষকেরা বিভিন্ন প্রজাতির কোবরার বিষ লামা ও আলপাকার মতো উটজাতীয় প্রাণীর শরীরে প্রয়োগ করেন। এরপর এসব প্রাণীর রক্তে তৈরি হওয়া অ্যান্টিবডি পরীক্ষা করে দেখা হয়, কোন অ্যান্টিবডি বিষের ক্ষতিকর উপাদান নিষ্ক্রিয় করতে পারে।

পরে সেই অ্যান্টিবডিগুলো শনাক্ত করে পরীক্ষাগারে অণুজীবের মাধ্যমে তৈরি করার সম্ভাবনা দেখেছেন বিজ্ঞানীরা। এভাবে পাওয়া অ্যান্টিবডিগুলো থেকে গবেষকেরা পাঁচটি ন্যানোবডি বেছে নেন। এরপর এগুলো মিলিয়ে তৈরি করেন অ্যান্টিবডির একটি মিশ্রণ বা ককটেল।

এই অ্যান্টিবডিগুলো কোবরার বিষের ক্ষতিকর উপাদানের সঙ্গে যুক্ত হয়ে বিষকে শরীরের নির্দিষ্ট কোষ বা টিস্যুতে পৌঁছাতে বাধা দেয়।

পরীক্ষায় অ্যান্টিবডির এই মিশ্রণ বিষের কার্যকারিতা ঠেকাতে সফল হয়েছে। কিছু ক্ষেত্রে বিষ প্রয়োগের ৩০ মিনিট পরও এটি ইঁদুরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এমনকি বিষের কারণে যেসব ইঁদুর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল বা স্নায়ুতন্ত্রে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছিল, তারাও পরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাদের শরীরে বিষক্রিয়ার কোনো উপসর্গও দেখা যায়নি।

গবেষণার অন্যতম লেখক কার্তিক সুনাগর বলেন, অ্যান্টিভেনম চিকিৎসায় প্রায় ১০০ বছর ধরে বড় কোনো পরিবর্তন আসেনি। নতুন এই পদ্ধতি ভারতের সাপের কামড়ের সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ও গবেষণার আরেক লেখক আন্দ্রেয়াস লাউটসেন বলেন, গবেষণাটি নতুন ধরনের অ্যান্টিভেনম তৈরির একটি পথ দেখিয়েছে। স্থানীয় সাপের বিষে যেসব উপাদান মানুষের শরীরে বেশি ক্ষতি করে, সেগুলো লক্ষ্য করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা অ্যান্টিভেনম তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

পাশাপাশি নতুন অ্যান্টিবডিতে আরো উপাদান যুক্ত করে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষধর সাপের বিরুদ্ধেও এর কার্যকারিতা বাড়ানো সম্ভব বলে মনে করছেন গবেষকেরা। তবে মানুষের চিকিৎসায় এটি ব্যবহারের আগে আরো পরীক্ষা প্রয়োজন।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

এসি/আপ্র/১৪/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ...

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল
১৭ নভেম্বর ২০২৬

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছ...

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের
১৭ নভেম্বর ২০২৬

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দ...

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০
১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই