গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

মহাকাশযন্ত্র তৈরির গবেষণায় অবদান রাখছেন বাংলাদেশের মাহমুদা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
মহাকাশযন্ত্র তৈরির গবেষণায় অবদান রাখছেন বাংলাদেশের মাহমুদা
ছবি

ছবি সংগৃহীত

অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক গঠন কেমন- এসব প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ ধরনের বৈজ্ঞানিক যন্ত্র। ওই যন্ত্র তৈরির গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর ও ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবনে তার গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করছে।

পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম মাহমুদা সুলতানার। ছোটবেলা থেকেই গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল তার গভীর আগ্রহ। যন্ত্রপাতি কীভাবে কাজ করে, প্রযুক্তির মাধ্যমে কীভাবে নতুন কিছু তৈরি করা যায়- এসব বিষয় তাকে ভাবাত। তার বাবা ছিলেন একজন প্রকৌশলী। বাবার সঙ্গে বিভিন্ন প্রকৌশল প্রকল্পে যাওয়ার সুযোগ হতো ছোট্ট মাহমুদার। সেখানে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখতেন। এভাবেই বিজ্ঞানের প্রতি তার আগ্রহ আরও গভীর হয়। মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ তৈরিতেও পরিবারের ভূমিকা ছিল। তার এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। এসব গল্প তার কল্পনার জগৎকে আরও বিস্তৃত করে। একসময় মহাকাশ নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান মাহমুদা। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করার পাশাপাশি গণিতেও বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। অসাধারণ ফলাফলের জন্য অর্জন করেন ‘সুমা কাম লাউড’ সম্মাননা। পরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)। সেখানে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেন। পাশাপাশি কোয়ান্টাম মেকানিকসেও বিশেষায়িত গবেষণা করেন তিনি। তবে তার পথচলা সব সময় সহজ ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলী খুব একটা দেখতেন না মাহমুদা। একসময় তার মনে হয়েছিল, প্রকৌশল হয়তো পুরুষদের পেশা। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ভালোবাসা তাকে সেই ধারণার মধ্যে আটকে থাকতে দেয়নি। নিজের আগ্রহ ও যোগ্যতার ওপর ভরসা রেখে এগিয়ে গেছেন তিনি।

শেষ জীবনবৃত্তান্তটি জমা দিয়েছিলেন নাসায়: এমআইটিতে পিএইচডি করার শেষ পর্যায়ে চাকরির খোঁজ করছিলেন মাহমুদা। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছিলেন। একের পর এক প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার পর হাতে ছিল শেষ একটি জীবনবৃত্তান্ত। হঠাৎ চোখে পড়ে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বুথ। ছোটবেলার মহাকাশ গবেষক হওয়ার স্বপ্নের কথা মনে পড়ে যায় তার। শেষ জীবনবৃত্তান্তটি জমা দেন সেখানেই।

প্রথমে নাসার কর্মকর্তারা মাহমুদার গবেষণার বিষয় ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। রাসায়নিক প্রকৌশলের পাশাপাশি ক্ষুদ্র বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্র নিয়ে তার গবেষণার অভিজ্ঞতা তাদের আগ্রহী করে তোলে। পরবর্তী সাক্ষাৎকারের পর পান চাকরির সুযোগ। ২০১০ সালে যোগ দেন নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। ছোটবেলার স্বপ্ন এভাবেই বাস্তবে রূপ নেয়। নাসায় যোগ দেওয়ার পর উন্নত সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিক ডিভাইস ও ন্যানোম্যাটেরিয়াল নিয়ে গবেষণায় যুক্ত হন মাহমুদা।

মাহমুদার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাইক্রোশাটার অ্যারে উন্নয়নে অবদান। এই প্রযুক্তিতে রয়েছে শত শত অতি ক্ষুদ্র দরজা- যা প্রয়োজন অনুযায়ী খুলতে ও বন্ধ হতে পারে। এর মাধ্যমে টেলিস্কোপ নির্দিষ্ট মহাজাগতিক বস্তুর আলো গ্রহণ করে বিশ্লেষণ করতে পারে। ফলে দূরবর্তী নক্ষত্র ও গ্যালাক্সি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। এ ছাড়া গ্রাফিনভিত্তিক সেন্সর, এক্স-রে ডিটেক্টর ও ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র তৈরিতেও কাজ করেছেন তিনি।

অতি ক্ষুদ্র প্রযুক্তিতে মহাকাশ গবেষণার সম্ভাবনা: মাহমুদার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ন্যানোপ্রযুক্তি। ন্যানোমিটার হলো এক মিটারের একশ কোটি ভাগের এক ভাগ। এত ক্ষুদ্র মাত্রায় পদার্থের বিশেষ বৈশিষ্ট্য কাজে লাগিয়ে তৈরি করা যায় উন্নত সেন্সর ও ডিটেক্টর। এসব যন্ত্রের মাধ্যমে অতি সামান্য পরিমাণ গ্যাস, রাসায়নিক উপাদান ও পরিবেশগত পরিবর্তন শনাক্ত করা সম্ভব।

মাহমুদার গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক বহুমুখী ন্যানোসেন্সর প্ল্যাটফর্ম। এর মূল ধারণা হলো, একই ক্ষুদ্র যন্ত্রে বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়ালভিত্তিক সেন্সর ব্যবহার করা। ফলে একটি ছোট যন্ত্রের সাহায্যে পরিবেশের একাধিক উপাদান শনাক্ত ও বিশ্লেষণ করা সম্ভব হতে পারে। ২০১৯ সালে এ প্রযুক্তির উন্নয়নে মাহমুদা ও তার দল নাসার কাছ থেকে ২০ লাখ ডলারের প্রযুক্তি উন্নয়ন অনুদান পায়। যন্ত্রটির নকশায় গ্যাস, বাষ্প, বায়ুচাপ ও তাপমাত্রা শনাক্ত করার পাশাপাশি সংগৃহীত তথ্য তারবিহীনভাবে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। ভবিষ্যতে চাঁদ, মঙ্গলসহ অন্যান্য গ্রহের পরিবেশ ও বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহে এ ধরনের প্রযুক্তি কাজে লাগতে পারে।

মাহমুদার আরেকটি উল্লেখযোগ্য গবেষণা কোয়ান্টাম ডট স্পেকট্রোমিটার। কোয়ান্টাম ডট হলো অতি ক্ষুদ্র সেমিকন্ডাক্টর কণা। এসব কণার আকার, আকৃতি ও রাসায়নিক গঠনের ওপর নির্ভর করে আলো শোষণ ও নির্গমনের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। এই বিশেষ বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ছোট ও হালকা স্পেকট্রোমিটার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রচলিত স্পেকট্রোমিটারে আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলাদা করতে প্রিজম বা বিশেষ গ্রেটিং ব্যবহার করা হয়। কিন্তু কোয়ান্টাম ডট প্রযুক্তিতে ভিন্ন পদ্ধতিতে আলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব।

ওই প্রযুক্তির সবচেয়ে অভিনব দিক হলো, মহাকাশযানের সৌরপালককেই বৈজ্ঞানিক সেন্সর হিসেবে ব্যবহার করার পরিকল্পনা। সাধারণত সৌরপালক মহাকাশযানকে চালনা বা সামনে এগিয়ে নিতে ব্যবহৃত হয়। কিন্তু মাহমুদার গবেষণায় সৌরপালকের পৃষ্ঠে কোয়ান্টাম ডটভিত্তিক স্পেকট্রোমিটার স্থাপনের ধারণা রয়েছে। ফলে একই কাঠামো মহাকাশযানের চলাচল এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ দুই কাজেই ব্যবহার করা সম্ভব হতে পারে। এতে মহাকাশযানের ওজন ও নির্মাণব্যয় কমানোর সম্ভাবনা রয়েছে।দূরবর্তী গ্রহ ও উপগ্রহের রাসায়নিক উপাদান বিশ্লেষণেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নেপচুন ও তার উপগ্রহ ট্রাইটন অনুসন্ধানেও মাহমুদার গবেষণার বিশেষ আগ্রহ রয়েছে। এ উদ্দেশ্যে তার নেতৃত্বাধীন ‘সায়েন্সক্রাফট ফর আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন’ বা স্কোপ একটি উল্লেখযোগ্য গবেষণা উদ্যোগ। ২০২২ সালে এটি নাসার ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস (এনআইএসি) কর্মসূচির প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালে প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ের গবেষণার জন্যও নির্বাচিত হয়। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটির প্রযুক্তিগত সম্ভাবনা আরও উন্নত করা, প্রয়োজনীয় যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা এবং ভবিষ্যৎ অভিযান বাস্তবায়নের পরিকল্পনা তৈরির কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

ওই প্রকল্পের লক্ষ্য নেপচুনের উপগ্রহ ট্রাইটন সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের সম্ভাবনা তৈরি করা। ট্রাইটনের বায়ুমণ্ডল, আয়নমণ্ডল, পৃষ্ঠ থেকে নির্গত পদার্থ এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিজ্ঞানীদের অনেক প্রশ্ন রয়েছে। সৌরপালক ও কোয়ান্টাম ডটভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে এসব রহস্য অনুসন্ধানের নতুন পথ তৈরি হতে পারে।

উদ্ভাবনের স্বীকৃতি ও একের পর এক পুরস্কার: গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে মাহমুদা সুলতানা পেয়েছেন নাসার একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০১২ সালে পান নাসা গডার্ডের আইএসটিডি নিউ অ্যাচিভার মেডেল। ২০১৩ সালে অর্জন করেন নাসার আর্লি ক্যারিয়ার অ্যাচিভমেন্ট মেডেল। ২০১৪ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পে অবদানের জন্য পান গ্রুপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৭ সালে তাঁকে দেওয়া হয় গডার্ড ইনোভেটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়া ২০১৮ সালে রবার্ট এইচ. গডার্ড টিম অ্যাওয়ার্ড, ২০১৯ সালে রবার্ট এইচ. গডার্ড অ্যাওয়ার্ড ফর টেকনিক্যাল এক্সিলেন্স এবং ২০২১ সালে ক্রেইগ টুলি অ্যাওয়ার্ড ও স্পেস টেকনোলজি মিশন ডিরেক্টরেট ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রকৌশলে আগ্রহী করে তুলতেও কাজ করছেন মাহমুদা। বিশেষ করে মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পেশায় এগিয়ে আসতে উৎসাহ দেন তিনি। বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তার বিশ্বাস, মেয়েরা বিজ্ঞানী বা প্রকৌশলী হতে পারে এমন উদাহরণ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি।

বাংলাদেশের ঈশ্বরদী থেকে যুক্তরাষ্ট্রের নাসা মাহমুদা সুলতানার এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের এগিয়ে যাওয়ারও অনুপ্রেরণা। মহাকাশ গবেষণার জন্য আরও ছোট, হালকা ও কার্যকর যন্ত্র তৈরির তার প্রচেষ্টা ভবিষ্যতে দূরবর্তী গ্রহ ও উপগ্রহ অনুসন্ধানে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। হয়তো একদিন তার উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যেই সৌরজগতের দূরবর্তী কোনো জগতের পরিবেশ সম্পর্কে মিলবে নতুন তথ্য, উন্মোচিত হবে মহাকাশের অজানা কোনো রহস্য। সূত্র: নাসা।

কেএমএএ/আপ্র/১৮.১১.২৬

সংশ্লিষ্ট খবর

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার
১৮ নভেম্বর ২০২৬

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার

বাংলাদেশে মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই নারী। তারা শিক্ষায় এগিয়ে যাচ্ছে এবং পোশাকশিল্পসহ অনেক খাতে ক...

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই
১৮ নভেম্বর ২০২৬

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই

একটি শিশুর হাতে বই থাকার কথা, থাকার কথা রঙিন পেনসিল, খাতা আর স্কুলের ব্যাগ। বিকাল হলে তার ছুটে যাওয়া...

নানা প্রতিকূলতায় অদম্য ক্ষুদে ক্রিকেটার সাদিয়া
১৮ নভেম্বর ২০২৬

নানা প্রতিকূলতায় অদম্য ক্ষুদে ক্রিকেটার সাদিয়া

পীর-আউলিয়ার ভূমি হিসেবে পরিচিত সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রাম। এখানকার রক্ষণশীল স...

রক্তস্বল্পতায় ভুগছেন প্রায় ৭৮ শতাংশ নারী
১৮ নভেম্বর ২০২৬

রক্তস্বল্পতায় ভুগছেন প্রায় ৭৮ শতাংশ নারী

পুরুষের তুলনায় নারীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি প্রায় দ্বিগুণ। চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই