তিন দশকেরও বেশি সময় ধরে হয়ে আসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে এর ৩২তম আসর। এই আসরে নানা পরিবর্তন ও চমক থাকছে। তবে সবচেয়ে বড় চমক হলো, এবার থাকবে ‘উত্তম পুরস্কার’।
মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ চলছে। এ বছরটিতে তাকে ঘিরে নানা আয়োজন করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সেটারই অংশ হিসেবে কলকাতা উৎসবে দেওয়া হবে বিশেষ পুরস্কার। তবে কোন বিভাগে এই পুরস্কার থাকবে, সেটা এখনই খোলাসা করা হয়নি।
এবারের কলকাতা উৎসবের কমিটির চেয়ারম্যান থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তারা জানান, এবারের আয়োজনে উৎসবের লোগোও পরিবর্তন হচ্ছে।
আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, কলকাতা উৎসবের এই আসরের সমস্ত পরিকল্পনাই হবে মিঠুনের নেতৃত্বে।
শুক্রবারের বৈঠকে তার সঙ্গে হাজির ছিলেন প্রসেনজিৎ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দুবিকাশ চাকি-সহ আরও অনেকে।
১০ দিনব্যাপী উৎসবটির পর্দা নামবে ২৩ ডিসেম্বর। সমাপনী দিনেই দেওয়া হবে বিভিন্ন বিভাগের পুরস্কার। প্রসঙ্গত, কলকাতা উৎসবের গত আসরে চেয়ারম্যান ছিলেন নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষ।
ডিসি/আপ্র/১২/০৯/২০২৬