মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার টেকেরহাট বাজারের পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে ওটি বয় দিয়ে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার পরিচালনার অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন।
জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, টেকেরহাট বাজারের ক্লিনিক দুটিতে নিয়মবহির্ভূতভাবে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। লক্ষ্মণ নামের এক ব্যক্তি ওটি বয় হিসেবে কাজ করলেও তিনি চিকিৎসক না হয়েও সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ক্লিনিক দুটিতে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স ও নিয়মিত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নেই বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, ডা. সাদিয়া আফরোজ তুলি নামের একজন চিকিৎসকের পরিচয় সামনে রেখে অস্ত্রোপচার করা হচ্ছে। তার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনের মেয়াদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে ফাতেমা ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেন বলেন, লক্ষ্মণ নামের ওই ব্যক্তি আগে তাদের প্রতিষ্ঠানে কাজ করতেন। তবে তিনি কোনো অস্ত্রোপচার করতেন না; ল্যাবরেটরির পরীক্ষা-নিরীক্ষার কাজ করতেন। বর্তমানে তিনি ওই ক্লিনিকে কর্মরত নন বলেও দাবি করেন আনোয়ার হোসেন।
ক্লিনিকের চিকিৎসক হিসেবে সুব্রত, সাদিয়া আফরোজ তুলি, রাফসান ও আলিমুজ্জামানের নাম উল্লেখ করে তিনি বলেন, ক্লিনিকের কাগজপত্র নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি এসে দেখে যেতে পারেন।
অন্যদিকে, স্থানীয় আরেকটি ক্লিনিকের পরিচালক মিলন বলেন, লক্ষ্মণ নামের ওই ব্যক্তিকে তিনি চিকিৎসক হিসেবে চেনেন না। তবে বিভিন্ন জায়গায় তার অস্ত্রোপচার করার কথা শুনেছেন। যদিও কোন প্রতিষ্ঠানে তিনি অস্ত্রোপচার করেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।
অভিযুক্ত লক্ষণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিঠির মাধ্যমে জানানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬