এস এ খান শিল্টু, মেহেরপুর: উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে মেহেরপুরের হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেহেরপুরের তাতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রতিষ্ঠানটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে ছিল চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।
সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬