গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়াল বল। সেই ধাক্কা সামলে বিরতির আগেই সমতা টানল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ঝড় তুলল অ্যাস্টন ভিলা, পাঁচ মিনিটে আবার করল জোড়া গোল। 

 

দুই গোলের ব্যবধান রেখেই যোগ করা সময়ে গড়াল লড়াই, হারের প্রবল শঙ্কাই চোখ রাঙাচ্ছিল ইউনাইটেড। হার না মানসিকতায় সেখান থেকে কী দুর্দান্তভাবেই না পয়েন্ট পেল দলটি! ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। 

প্রথম মিনিটে আলিসনের গোলের পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। সেই প্রবল ধাক্কা সামলে ব্রুনো ফের্নান্দসের গোলে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড, আর ইউরি টিলেমান্সের গোলে সমতায় থেকে বিরতিতে যায় তারা। 

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে জয় তুলে নেয় ইউনাইটেড। এবারও হয়তো বিরতির সময় তেমন কিছুর আশা দেখছিল তারা; কিন্তু বিরতির পর জন ম্যাকগিন ও লেয়ন গোরেটস্কার গোলে আরও বড় ধাক্কা খায় স্বাগতিকরা।


তবে মনোবল হারায়নি মাইকেল ক্যারিকের দল। গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে তারা, সময়ের সঙ্গে তা কেবলই বেড়েছে। অবশেষে যোগ করা সময়ে ইয়োশুয়া জির্কজি ও পাট্রিক ডোর্গুর গোলে কিছুটা স্বস্তিতে মাঠ ছাড়ে তারা। ইউনাইটেড আক্রমণে কতটা মরিয়া হয়ে উঠেছিল, এর প্রমাণ স্পষ্ট পরিসংখ্যানে। প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় দলটি, এর ৯টি ছিল লক্ষ্যে। 

আর ভিলা ১২ শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে। দারুণ এই পারফরম্যান্সের পরও, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জয়শূন্য পথচলা দীর্ঘ হলো আরও। আসরে এই নিয়ে টানা আট ম্যাচে জয় পায়নি তারা। লিগে ১০ ম্যাচ খেলে কেবল একটিই জিতেছে ইউনাইটেড। 

সেই সঙ্গে পাঁচ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে ভিলা। লিগ টেবিলে ক্রমেই নিচে নামতে থাকা ইউনাইটেডের এদিন শুরুটা হয় ভীষণ বাজে। জন ম্যাকগিনের পাস ডি-বক্সের ফাঁকায় পেয়ে শট নেন আলিসন, বল গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায়।


তখন ঘড়ির কাঁটায় ম্যাচের সময় ৫৯ সেকেন্ড। একটু পর আবার ইউনাইটেডের জালে লুটোপুটি খায় বল। এই গোলেও কিছুটা দায় আছে গোলরক্ষকের। ব্রাজিলিয়ান উইঙ্গার আলিসনের শটে খুব বেশি গতি ছিল না, কিন্তু ঝাঁপিয়ে বল গ্লাভসে নিতে পারেননি সানা লমেন্স, সামনেই থাকা জ্যাকসন টোকায় বাকি কাজ সারেন। 

ষোড়শ মিনিটে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। মাতেউস কুইয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা, এবং সফল স্পট কিকে দলকে পথ দেখান অধিনায়ক ফের্নান্দস। 

 

কিছুক্ষণ পর আবার ভীতি ছড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুইয়া, এবার তার বাঁ দিক থেকে দূরের পোস্টে নেওয়া চমৎকার একটি শট ঝাঁপিয়ে রুখে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। চাপ ধরে রেখে পরের কয়েক মিনিটে আরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করে ইউনাইটেড।

২৬তম মিনিটে ফের্নান্দসের দূর থেকে নেওয়া শট একজনের গায়ে লেগে বাইরে যায়। গোছানো এক আক্রমণে বিরতির আগে সমতাসূচক গোলও পেয়ে যায় ইউনাইটেড। নুসায়ের মাজরাউইয়ের কাটব্যাক পেয়ে জোরাল শটে মৌসুমে প্রথম গোলটি করেন টিলেমান্স।


দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা, পাঁচ মিনিটে দুই গোল হজম করে ইউনাইটেড। ৪৮তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া আলিসনকে ফাউল করেন দিয়োগো দালোত, এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

অধিনায়কের সফল স্পট কিকে এগিয়ে যায় ভিলা। পরের গোলটি নিজেদের ভুলেই হজম করে স্বাগতিকরা। ম্যাকগিনের ফ্রি কিক হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়াতে বসেছিলেন ডিফেন্ডার লেনি ইয়োরো, গোলরক্ষকের হাত ছুঁয়ে বল ক্রসবারে প্রতিহত হয়। তবে ফিরতি বল পেয়ে ঠিকই ফাঁকা জালে পাঠান গোরেটস্কা। 

 

এরপর ইউনাইটেড আক্রমণে জোর দিলেও, ভিলা শক্তভাবে ঘর সামলে রেখে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ সময়ে তাদের সবকিছু এলোমেলো করে দেয় ইউনাইটেডের দুই বদলি খেলোয়াড়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাট্রিক ডোর্গুর বাঁ দিক থেকে বাড়ানো বল ডি-বক্সে পেয়েই প্রথম ছোঁয়ায় শটে ব্যবধান কমান ডাচ স্টাইকার জির্কজি। 

ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে ফের্নান্দসের কর্নারে হেডে মূল্যবান পয়েন্ট নিশ্চিত করেন ডোর্গু। স্মরণীয় জয়ের খুব কাছে গিয়েও না পারার হতাশায় নুইয়ে পড়ে ভিলার অনেক খেলোয়াড়। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে ব্রাইটন। 

 

সমান ম্যাচে তাদের পয়েন্ট ২২। তাদের জয়ে ২১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলে হেরে গেছে চেলসি। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। ১০ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী আর্সেনাল।

ডিসি/আপ্র/০৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
০৯ নভেম্বর ২০২৬

সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের পঞ্চম দিনে আলোকস্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভার শেষে খেলা বন্ধ হয়ে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে