পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান (৪১) নামে এক টেলিভিশন উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আহসানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন।
রোববার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার বাসা থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ঘাড়ের নিচের অংশে গুলির ক্ষত পাওয়া গেছে। এ ঘটনায় রাবিয়ার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান সুখেরা।
পুলিশ জানায়, রোববার সদর বেরুনী থানায় এ ঘটনায় মামলা করা হয়। সোমবার অভিযুক্ত আহসানকে এরিয়া ম্যাজিস্ট্রেট তালাত ওয়াহিদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে আবার আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাবিয়া আহসান জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে টেলিভিশন টক শো সঞ্চালনা করতেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তিনি দুই কন্যাসন্তানের মা। পুলিশের তথ্য অনুযায়ী, গুলির ঘটনার সময় তাঁর দুই মেয়ে বাড়ির উঠানে নানির সঙ্গে ছিল।
এর আগে পুলিশ জানিয়েছিল, পরিবারের এক পুরুষ গৃহকর্মী তাঁদের বলেছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, অসাবধানতাবশত গুলি বেরিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে এটি স্বামীর দাবি; ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নগর পুলিশ কর্মকর্তা হাসান সুখেরা জানান, পাঞ্জাব ফরেনসিক বিজ্ঞান সংস্থার একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য রাবিয়ার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার চেষ্টা চলছে।
রাবিয়ার মৃত্যুর ঘটনায় পাকিস্তানের সাংবাদিক, সহকর্মী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা ভুট্টো-জারদারি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এর আগে গত আগস্টে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে ৪৫ বছর বয়সী ডিজিটাল গণমাধ্যম নির্বাহী হিনা জাভেদ হত্যাকাণ্ডের শিকার হন। একই শহরে কয়েক মাসের ব্যবধানে আরেক কর্মজীবী নারীর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জারদারি।
সানা/ডিসি/আপ্র/৯/১১/২০২৬