ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণে তা ব্যবহারের বিতর্কিত সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। তীব্র সমালোচনার মুখে ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য প্রস্তাবিত নতুন শর্তাবলি স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো প্ল্যাটফর্মের মালিক মেটা সম্প্রতি তাদের বিভিন্ন মাধ্যমে ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনাকারীদের জন্য নতুন কিছু শর্ত ঘোষণা করে। প্রাথমিকভাবে প্রস্তাবিত নিয়মে ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ বা স্ক্র্যাপ করার এবং সেসব তথ্য মেটার কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল।
অক্টোবরের মাঝামাঝি সময়ে হালনাগাদ শর্তাবলির বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল এ সিদ্ধান্তের বিরোধিতা করে। সমালোচকদের যুক্তি ছিল, মেটার প্ল্যাটফর্ম ব্যবহারের শর্ত হিসেবে ব্যবসায়ীদের নিজেদের ওয়েবসাইটের তথ্যের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে। এতে কনটেন্ট প্রকাশক ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের ওপর অযৌক্তিক চাপ তৈরি হতে পারে।
সমালোচনা প্রশমনে পরবর্তী সময়ে একাধিক গণবিজ্ঞপ্তি জারি করে এবং শর্তাবলিতে পরিবর্তন আনে মেটা। ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট বা তথ্য সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থায় যুক্ত করার আশঙ্কা দূর করার উদ্যোগ হিসেবে নতুন নিয়মাবলি থেকে ‘প্রশিক্ষণ’ শব্দটিও বাদ দেয় প্রতিষ্ঠানটি।
তবে এতেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত ব্যবসায়িক অ্যাকাউন্টসংক্রান্ত বিতর্কিত পরিবর্তনগুলো আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে মেটা।
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, আগামী ২০ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। ৩০ অক্টোবর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হলেও প্রতিবাদের মুখে তা কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।
মেটার বিজনেস হেল্প সেন্টারের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে জানানোর মতো নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত শর্তাবলি বহাল থাকবে।
সানা/ডিসি/আপ্র/৯/১১/২০২৬