দেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত প্রসেসর ও আধুনিক নকশার সমন্বয়ে ফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার এই মডেলের দাম রাখা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশ জানিয়েছে, নতুন এই স্মার্টফোনে রয়েছে সাড়ে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। দীর্ঘ সময় চার্জ ধরে রাখার পাশাপাশি দ্রুত চার্জের জন্য এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। ফোনটির পেছনের প্যানেলে নান্দনিকতা বাড়াতে রয়েছে ডায়নামিক আরজিবি লাইট।
রেডমি ১৭ ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা পর্দায় ছবি ও দৃশ্যের পরিবর্তনকে আরো মসৃণ করবে। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। পাশাপাশি ধুলাবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৪ মানের সুরক্ষা।
ফোনটির কার্যক্ষমতা নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে শাওমির নিজস্ব হাইপারওএস ৩।
ছবি ও ভিডিও ধারণের জন্য স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ১৭ ফাইভজি বাজারে আনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ফাইভজি স্মার্টফোনের পরিসর আরো শক্তিশালী হয়েছে। তাঁর মতে, ফাইভজি প্রযুক্তি শুধু দামি স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার নাগালে পৌঁছে দেওয়া প্রয়োজন।
‘ব্ল্যাক’ ও ‘ভিভিড অরেঞ্জ’ - এই দুই রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। দেশের বিভিন্ন স্থানে শাওমির অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও খুচরা বিক্রয় অংশীদারদের কাছে এর বিক্রি শুরু হয়েছে।
সানা/ডিসি/আপ্র/৪/১১/২০২৬