গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী

রাজপথে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫০ এএম ২০২৬
রাজপথে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে
ছবি

সোমবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। চুক্তির বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করেই এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

এদিকে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা থাকবে এবং সেখানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

এর আগে শিমুল বিশ্বাস নিম্ন আয়ের উৎপাদনশীল জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাঁর ভাষ্য, স্বৈরাচারী শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ চিকিৎসাব্যবস্থার অবনতি ঘটেছে। বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি ও শিল্প খাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় খনিজ সম্পদের ব্যবহার ও শিল্পের বিকাশে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছিল। বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার অংশ।

সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শিমুল বিশ্বাসের প্রশ্নের সময় তিনি জানান, বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও সেদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকবেন না। এ কারণে আগেই প্রশ্নটি করেছেন বলে উল্লেখ করেন তিনি। পরে স্পিকার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, তিনি উত্তর দিতে প্রস্তুত কি না।
সানা/আপ্র/৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন
০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে যুক্তরাজ্যে...

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন
০৯ নভেম্বর ২০২৬

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্টেশনজুড়ে ধোঁয়া ছড়িয়ে প...

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
০৯ নভেম্বর ২০২৬

১৭ বছর ধরে অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রক...

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্র...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে