রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্টেশনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান। নিরাপত্তার স্বার্থে প্রায় আধাঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল আবার শুরু হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাব্বাইক পরিবহনের বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি দায়িত্বশীল সূত্র জানায়, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। সেখান থেকে ধোঁয়া স্টেশনের ভেতরে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত স্টেশন ছাড়তে শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সূত্রটি আরো জানায়, স্টেশনের ডিজেল জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত রয়েছে। বাসের আগুন জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। এ আশঙ্কায় যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বাসটিতে যাত্রী ছিল বলে খবর পাওয়া গেলেও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাননি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানও জানিয়েছেন, বাসটির কোনও যাত্রী বা চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক যাত্রী জানান, বাসে আগুন লাগার পর ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে ছড়িয়ে পড়লে অ্যালার্ম বেজে ওঠে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছোটাছুটি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি সামাল দিতে তৎপর হন।
সানা/আপ্র/৯/১১/২০২৬