তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের বিলুপ্ত স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। তাঁদের মতে, এটি আধুনিক তুরস্কের এশীয় অংশ আনাতোলিয়ায় এ ধরনের প্রাণীর পাওয়া সবচেয়ে সম্পূর্ণ ফসিল।
১৯৮৯ সালে তুরস্কের ইয়াকাকোয় গ্রামের কাছে ফসিলটি আবিষ্কৃত হয়। এরপর থেকে এটি বুরদুর প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষিত ছিল। ফসিলটি হোমোথেরিয়াম লাতিডেনস প্রজাতির, যা বৃহদাকার শিকারি বিড়ালের একটি বিলুপ্ত প্রজাতি।
বুরদুর মেহমেত আকিফ এরসয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আলপার ইয়েনের ইয়াভুজের নেতৃত্বে একটি গবেষক দল ২০২৩ সালে ফসিলটি পরীক্ষা শুরু করে। সংবাদমাধ্যম আনাদোলুকে ইয়াভুজ জানান, ভূতাত্ত্বিক ও প্রাণিকুলভিত্তিক কালনির্ণয় পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা ফসিলটির বয়স প্রায় ২৫ লাখ বছর নির্ধারণ করেছেন। নমুনাটির চোয়ালও মোটামুটি অক্ষত রয়েছে।
ইয়াভুজের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় ১ দশমিক ২ মিটার বা ৪ ফুট। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার বা ৬ দশমিক ৬ ফুট। আকারে এটি আধুনিক সিংহের চেয়ে কিছুটা ছোট হলেও জাগুয়ারের চেয়ে বড় ছিল।
গবেষকেরা জানান, এই প্রজাতির শিকার করার কৌশল ছিল আধুনিক দিনের ওত পেতে থাকা শিকারি প্রাণীদের চেয়ে আলাদা। এটি শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকার পরিবর্তে তাড়া করে ধরতে পারত। প্রাণীটির নাসারন্ধ্রও তুলনামূলক প্রশস্ত ছিল, যা দৌড়ানোর সময় বেশি অক্সিজেন গ্রহণে সহায়তা করত।
ইয়াভুজ বলেন, তাঁদের গবেষণাসহ তুরস্কে এ পর্যন্ত এ ধরনের মাত্র চারটি নমুনার সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলের প্রাগৈতিহাসিক প্রাণিজগত সম্পর্কে আরো তথ্য জানতে গবেষকেরা বুরদুর ও পার্শ্ববর্তী ইসপার্তা প্রদেশে মাঠপর্যায়ে নতুন জরিপ চালানোর পরিকল্পনা করছেন। সূত্র: আনাদোলু এজেন্সি
সানা/ডিসি/আপ্র/৯/১১/২০২৬