কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং অভিযুক্তের পরিবারের কাছে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ১৭ বছর বয়সী ইমন নামের এক কিশোরের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়ায় কিচেন ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৬)। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে শহরের থানাপাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে একটি ভাড়া বাসায় থাকত সে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফেরে জাকিয়া। বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে সেটি খোলার অপেক্ষা করছিল সে। এ সময় ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ছুরিটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জাকিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, মজমপুর এলাকার ইমন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে উত্ত্যক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য সে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখে। তবে পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জের ধরেই পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর এ হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজনদের।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থীর অবস্থা ভালো আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৯/১১/২০২৬