ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার লা লিগার ম্যাচে এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।
দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবার তিন পয়েন্টে নিয়ে গেছে তারা। শনিবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার সমান (৩০) পয়েন্টে পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটি জিতলে আন্তর্জাতিক বিরতির আগে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার।
তবে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়েও গিয়েছিল অ্যাটলেটিকো। যদিও বিরতির ঠিক আগে লোপেজের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। পরে ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অ্যাটলেটিকো। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেজ। সতীর্থের পাসে একা বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়ার সামনে পড়েছিলেন তিনি।
গোলরক্ষককে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেও গার্সিয়া তাকে আটকে দেন এবং গোলের কোণ থেকে দূরে সরিয়ে দেন। শেষ পর্যন্ত সুযোগটি কাজে লাগাতে পারেননি আলভারেজ। কিছুক্ষণ পর আরও কাছে পৌঁছে যায় অ্যাটলেটিকো। মার্ক পুবিলের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
পাল্টা আক্রমণে বার্সেলোনার হয়ে পেদ্রিও বক্সের বাইরে থেকে নেওয়া শটে ক্রসবারে বল লাগান। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ১০ম মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো।
বাঁ দিক থেকে ক্রস করেন আলভারেজ, কাছ থেকে সহজ ফিনিশিংয়ে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত সপ্তাহে তার মৃত্যুর পর ম্যাচে এই শ্রদ্ধা জানানো হয়।
দুই দলের খেলোয়াড়দের গায়েও ছিল তার স্মরণে বিশেষ টি-শার্ট। খেলা আবার শুরু হলে সমতা ফেরানোর চেষ্টা চালায় বার্সেলোনা। ফেরমিনের একটি শট আটকে দেন অ্যাটলেটিকোর রক্ষণভাগের খেলোয়াড়রা।
পরে ডান দিক থেকে ভেতরে ঢুকে লামিনে ইয়ামাল শট নিলে তা ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আলভারেজ। জুলিয়ানো সিমিওনের পাসে গোলরক্ষকের সামনে বল পেয়েও শট নেন তিনি। বল হুয়ান গার্সিয়ার দুই পায়ের ফাঁক দিয়ে গেলেও গোললাইন অতিক্রম করার আগেই সেটি ধরে ফেলেন বার্সেলোনার গোলরক্ষক।
বিরতির ঠিক আগে সমতায় ফেরে বার্সেলোনা। বক্সের ভেতরে বল পেয়ে দ্রুত শট নেন ফারমিন লোপেজ। তার নেওয়া নিচু শট পোস্ট ঘেঁষে জালে জড়ালে ১-১ সমতায় ফেরে দুই দল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা।
ইয়ামাল কয়েকবার গোলের চেষ্টা করেন। ৫৫ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন আলভারেজ। সতীর্থের পাসে একা গোলরক্ষকের সামনে পৌঁছে দ্রুত শট নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তার এই ব্যর্থতায় হতাশ হন অ্যাটলেটিকোর সমর্থকরা।
এর ১১ মিনিট পর ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ফারমিন লোপেজ। ইয়ামালের দুর্দান্ত থ্রু পাস পেয়ে প্রথম স্পর্শেই শট নেন তিনি। তার শট ওবলাককে পরাস্ত করে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
বাকি সময়ে সমতায় ফেরার মতো কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ফারমিনের জোড়া গোলেই গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লিগের শীর্ষে নিজেদের তিন পয়েন্টের ব্যবধান ধরে রাখল ফ্লিকের দল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩, রিয়ালের ৩০ ও অ্যাটলেটিকোর ২৮।
ডিসি/আপ্র/০৯/১১/২০২৬