মোজাম্মেল হক নয়ন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন রাজ্জাক। পথে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থামলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে রাজ্জাক ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬