বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক, কবি ও সাহিত্যিক মাহাবুব রহমান বিপ্লব। ব্যক্তিগত ব্যস্ততা ও সাহিত্যচর্চায় আরো বেশি সময় দেওয়ার কারণ দেখিয়ে সোমবার (৯ নভেম্বর) তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। প্রেসক্লাবের অনলাইন গ্রুপে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
জানা গেছে, প্রায় ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন মাহাবুব রহমান বিপ্লব। দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক আমাদের সময় ও দৈনিক আজকের প্রত্যাশার স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বদরগঞ্জ উপজেলায় যখন মাত্র তিন-চারজন সাংবাদিক ছিলেন, তিনি তাঁদের একজন।
পদত্যাগের কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহাবুব রহমান বিপ্লব জানান, বর্তমানে নিজের একক বই, উপন্যাস ও গবেষণাধর্মী সাহিত্যকর্ম প্রকাশের কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি রাজধানী ঢাকা ও বিভিন্ন বিভাগীয় শহরে বই ছাপানো এবং সরবরাহের কাজও করছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় প্রেসক্লাবের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও মাসিক সভায় সশরীরে উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
সংগঠনের কার্যক্রমে নিজের অনিয়মিত উপস্থিতির কারণে যাতে গতিশীলতা ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এ জন্য প্রেসক্লাবের অনলাইন গ্রুপে পদত্যাগপত্রটি প্রকাশ করেন।
তিনি আরো বলেন, আল্লাহ যত দিন তাঁকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবেন, তত দিন দেশ ও জনস্বার্থে সাংবাদিকতা চালিয়ে যাবেন। তবে কোনো সাংবাদিক সংগঠনের পদ-পদবির প্রলোভনে আর সদস্য হবেন না। সংগঠনের সদস্য না থাকলেও সাংবাদিকদের আপদে-বিপদে নিজের জীবন বাজি রেখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/৯/১১/২০২৬