মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মোহা. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ২০২২৩৭৫৬৭১৩ এবং ক্লাস রোল ২১০৭। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগসহ প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
সানা/আপ্র/৯/১১/২০২৬